দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার টালাব্রিজ নিয়ে যখন নাজেহাল অবস্থা ঠিক তখনই বিপত্তি দেখা দিল শহরের উপকণ্ঠে মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে। তিনটি পিলারে ফাটল দেখা দেওয়ায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার দীর্ঘতম উড়ালপুলটি।
মঙ্গলবার রাত ন'টা নাগাদ পিলারে ফাটল নজরে পড়ে স্থানীয়দের। খবর যায় পূর্ত দফতরে। এদিন সকাল থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে উদ্বোধনের পর বছর না ঘোরা এই উড়ালপুলটিতে। জানা গিয়েছে, টি১২১, ১১৯ ও পি১২২--এই তিনটি পিলারে ফাটল দেখা দিয়েছে। পূর্ত দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যতদিন না মেরামতের কাজ শেষ হবে ততদিন উড়ালপুলের উপর যান চলাচল বন্ধ থাকবে।
মহেশতলা, বাটানগর, বজবজ, পুজালি প্রভৃতি এলাকার মানুষের কাছে এই উড়ালপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৯-এর ১১ জানুয়ারি জিঞ্জিরাবাজার থেকে বাটানগর পর্যন্ত সম্প্রীতি উড়ালপুলের উদ্বোধন হয়। মূল কলকাতার সঙ্গে বাটানগর ও বজবজকে যুক্তকারী বজবজ ট্রাঙ্ক রোড প্রয়োজনের তুলনায় সঙ্কীর্ণ হওয়ায়, ওই রাস্তায় নিত্যদিন যানজট লেগে থাকত। সেই সমস্যা সমাধানে বাটানগর উড়ালপুল নির্মাণের কথা ভাবা হয়। ২০১৪ সালে এই উড়ালপুলের কাজ শুরু হয়। খরচ হয়েছে প্রায় তিনশো কোটি টাকা।
কিন্তু উড়ালপুলের বয়স ছ’মাস পার হতেই একাধিক জায়গায় পিচ উঠে যাওয়ার ঘটনা সামনে এসেছিল। নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল তখনই। এদিন ফের একবার সেই প্রশ্ন উঠে গেল।
এমনিতেই মাঝেরহাট ব্রিজ এখনও না তৈরি হওয়ায় কলকাতা থেকে তারাতলা পৌঁছতেই অনেকটা সময় লেগে যায়। তার উপর সম্প্রীতি উড়ালপুল বন্ধ হওয়ায় নতুন দুর্ভোগে পড়তে হবে মহেশতলা, বজবজ, বাটানগরের সাধারণ মানুষকে।