দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: আজ থেকেই শুরু হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস নির্ণয়ের কাজ। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে কলকাতার নাইসেড হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে চলে এসেছে করোনা পরীক্ষার বেশ কিছু কিট।
হাসপাতালের ভাইরাল রিসার্চ সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরির প্রস্তুতি একেবারে শেষপর্যায়ে। ইতিমধ্যে ওই ল্যাবে পরীক্ষার জন্য বিভিন্ন রকম যন্ত্রপাতি এসেছে। নাইসেডের উপর চাপ কমাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাজানো হয় আধুনিক ল্যাবটি। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন পাওয়ার পরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের নতুন এই ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা হয়।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন, "আমরা আগে থেকেই এরজন্য প্রস্তুত ছিলাম। স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন পাওয়ার পরেই ল্যাবের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। নাইসেড থেকে নমুনা এনেও চলে প্রশিক্ষণ। কিট ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্র এসে যাওয়ায় আজ থেকেই এখানে করোনা পরীক্ষা করাতে পারব বলে মনে করছি।"
তিনি জানান, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহে এখনও ৫ জন ভর্তি রয়েছেন। ১৪ টি বেড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি করোনার স্ক্রিনিং করানোর জন্য বহির্বিভাগে খোলা হয়েছে কোভিড-১৯ ওয়ার্ড। সেখানেও পরীক্ষা করানো হচ্ছে। সন্দেহজনক হলে আইসোলেশনে পাঠানো হচ্ছে। কিছুসংখ্যক রোগীকে পরীক্ষা করানোর পর হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত জানান, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখা হয়েছিল। এরপরেই নাইসেড বাদেও রাজ্যের আরও তিনটি জায়গায় করোনা পরীক্ষার অনুমোদন মেলে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।