দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: লকডাউন অমান্য করে সোমবার সকালবেলা যাঁরাই রাস্তায় নামছেন তাঁদেরই করোনার র্যাপিড টেস্ট করা হচ্ছে কোচবিহার শহরে। শহরের কাছাড়ি মোড়-সহ একাধিক জায়গায় চলছে এই অ্যান্টিজেন টেস্ট। কোচবিহারের সদর মহকুমা শাসক সঞ্জয় পাল নিজে উপস্থিত ছিলেন কাছাড়ি মোড়ে।
করোনার প্রকোপ রুখতে সরকারি নির্দেশে সোমবার লকডাউন চলছে গোটা রাজ্যে। ঘরের বাইরে বের হওয়ায় বিধিনিষেধ থাকলেও সকাল থেকেই অনেকেই বিধি ভাঙছেন বলে অভিযোগ। কোচবিহার শহরে যাঁরা এ দিন সকালবেলা পথে নেমেছেন তাদের প্রত্যেকের র্যাপিড টেস্ট করানো হচ্ছে প্রশাসনিক উদ্যোগে।
কোচবিহারের কাছাড়ি মোড়ে সকাল সকালই উপস্থিত হন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি বলেন, ‘‘এই দিনটিকে আমরা অন্যরকম ভাবে দেখার চেষ্টা করছি। জায়গায় জায়গায় গিয়ে দেখছি বহু মানুষ লকডাউন সত্ত্বেও রাস্তায় বেরিয়েছেন। যাঁরা এই লকডাউনের মধ্যেও বাইরে বের হয়েছেন তাঁদেরই টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজেটিভ এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সেফ হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং যাঁদের রিপোর্ট নেগেটিভ আসছে তাঁদেরকে আমরা বাড়ি পাঠিয়ে দিচ্ছি। জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের পক্ষ থেকেই এই টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’’
মহকুমাশাসক জানান, সরকারি বিধি মেনে লকডাউনে অকারণে বাইরে বের হওয়া উচিত নয়। তবুও যাঁরা বাইরে বের হয়েছেন, তারা সত্যি কতটা সুস্থ তা পরীক্ষা করে দেখাই প্রশাসনের লক্ষ্য।
প্রথমদিকে জেলায় সংক্রমণ সেভাবে না ছড়ালেও পরবর্তীতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি যথেষ্ট ভাবিয়ে তোলে কোচবিহার জেলা প্রশাসনকে। সরকারি হিসেব অনুয়ায়ী এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৮৫৬ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১০৯ জন। জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের।