দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বিধানসভা নির্বাচনের আগে নবনির্মিত ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম ঘিরে টানাপড়েন তুঙ্গে উঠল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে এই স্টেডিয়ামের উদ্বোধন করেন। স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয় সবুজ সাথী ক্রীড়াঙ্গন।
মূলত বিভিন্ন ধরনের ইনডোর গেমস এর জন্য এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। খরচ হয়েছে ২৮ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক মুক্তা আর্য এবং হাওড়া পুরসভার কমিশনার অভিষেক তিওয়ারি। কোভিড পরিস্থিতিতে এই স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছিল স্বাস্থ্যদফতর। সেই স্টেডিয়ামের তড়িঘড়ি উদ্বোধনে তাই তোপ দেগেছে বিজেপি।
বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহার অভিযোগ, ভোটের আগে তড়িঘড়ি করে স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, ‘‘বর্তমানে কোভিড পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সকলকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়নি। সেক্ষেত্রে কীভাবে ওই স্টেডিয়ামকে খেলাধুলার জন্য তুলে দেওয়া হল? এতে একটা ঝুঁকি থেকে যাচ্ছে।’’
অন্যদিকে রাজ্যের সমবায় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘এই স্টেডিয়াম আগেই তৈরি হয়ে গিয়েছিল। তাই উদ্বোধনের কোনও অসুবিধা নেই। খেলাধুলার উন্নতির জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হলেও বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই এই স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার এখন আর নেই। পুরো স্টেডিয়াম স্যানিটাইজ করার পরই এর উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে কোনও রাজনীতি নেই।’’
এই ক্রীড়াঙ্গনের নির্মাণকারী সংস্থার কর্ণধার রামরতন চৌধুরী জানান দু একর জমিতে এই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এখানে খেলার জন্য ৫০×৩০ মিটার কাঠের ফ্লোর বানানো হয়েছে। থাকছে ছ’হাজার দর্শকাসন।এছাড়া কনফারেন্স রুম, ড্রেসিং রুম, ব্রডকাস্টিং রুম বানানো হয়েছে আধুমিক ধাঁচে।