দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পর এবার তা পূরণের পালা। বুধবার দুপুরে নবান্ন থেকে পূর্বপ্রতিশ্রুত স্টুডেন্টস ক্রেডিট কার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড? এই কার্ডের মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে ছাত্র ছাত্রীরা। দশম শ্রেণী থেকে স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারাও এই কার্ডের সুবিধা পাবেন। এর জন্য ব্যাঙ্কে কোনও গ্যারান্টার লাগবে না। সরকারই হবে এর গ্যারান্টার।
মুখ্যমন্ত্রী বলেন, 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা গর্বিত। আমরা ভোটের আগে কথা দিয়েছিলাম। দেশে তো বটেই, সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম। কথা রাখাটাই আমাদের কাজ।'
স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রতিযোগিতা/প্রশিক্ষণ মূলক পরীক্ষায় পড়াশুনার জন্যেও ব্যবহৃত হতে পারে। এমনকি, বিদেশের স্কুল কলেজেও যদি কেউ পড়ে তাও এই কার্ডের সুবিধা পাবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই কার্ডের সুবিধা পাওয়া যাবে। অনলাইনেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
মুখ্যমন্ত্রীর কথায়, 'বাচ্চাদের পড়াশুনার জন্য আর বাবা মাকে চিন্তা করতে হবে না।টাকা পয়সার কথা না ভেবে মন দিয়ে পড়াশুনা করুন। অভিভাবকদেরও বলব আর চিন্তা করবেন না। আমরা কথা দিয়েছিলাম কথা রাখলাম।' ইতিমধ্যে যারা আবেদন করেছে, তারা আজকেই ক্রেডিট কার্ড পেয়ে যাবে।
তবে এক্ষেত্রেও জালিয়াতি নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কখনও কোনও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নকল করে কে নানা নানা ভাবে প্রভাবিত করে। কিছু দুষ্টু মানুষ সমাজে আছে। গর্ভমেন্ট লোগো নকল করে জালিয়াতি করে। তাই শুধু মাত্র সরকারি ওয়েবসাইট থেকেই আবেদন করবেন।
অনলাইনে http://wbscc.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কার্ডের জন্য আবেদন করা যাবে। এছাড়া যোগাযোগের জন্য রয়েছে সরকারের টোল ফ্রি নম্বর, 18001028014 । একমাত্র সরকারের শিক্ষা দফতরের ওয়েবসাইট এ এর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।