দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: খেলার মাঠ, তাই হাট বসতে দেওয়া যাবে না। এমন দাবি তুলে পসরা নিয়ে আসা ব্যবসায়ীদের মাঠে ঢুকতে বাধা দিলেন এলাকার মহিলারা। তাই নিয়েই উত্তাল হল শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন গোডাউন মাঠ এলাকা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই গোডাউন মাঠে হাট বসা নিয়ে গত কিছুদিন ধরেই ওই এলাকায় টানাপড়েন চলছে। ব্যবসায়ীদের অভিযোগ, শান্তিপুর স্টেশন সংলগ্ন ওই মাঠে দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় ধরে কাপড়ের হাট বসে। প্রতি সপ্তাহে বুধবার ও শনিবার কাপড়ের হাটে আসেন ব্যবসায়ীরা। বেচাকেনা চলে। বহু দূর দূর থেকে মানুষ আসেন এই হাটে। করোনা রুখতে লকডাউন শুরু হওয়ার পর আরও অনেক কিছুর মতো এই হাটও বন্ধ হয়ে যায়। আনলক পর্যায়ে নতুন করে ওই মাঠে হাট বসাতে গেলে স্থানীয় মহিলারা ব্যবসায়ীদের বাধা দেন। ওই মাঠটিকে খেলার মাঠ বলে দাবি করেন তাঁরা। এই নিয়ে হাটে আসা কাপড়ের দোকানদারদের সঙ্গে বচসা বেঁধে যায় তাঁদের। ইতিমধ্যে শান্তিপুর থানাতেও বিষয়টি জানানো হয়েছে।
যদিও বুধবার সকালে ফের এই নিয়ে উত্তপ্ত হয় ওই এলাকা। কাপড়ের ব্যবসায়ীরা ওই মাঠে তাঁদের পসার সাজিয়ে নিয়ে বসার সময়, স্থানীয় বেশকিছু মহিলা একত্রিত হয়ে ওই ব্যবসায়ীদের মাঠ থেকে জোরপূর্বক তুলে দেন বলে অভিযোগ। সেই সময়ই ব্যবসায়ী এবং স্থানীয় মহিলাদের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির বেধে যায়। স্থানীয় মহিলাদের অভিযোগ, এখন থেকে সরকারি ওই জায়গা খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হবে। সেখানে কাপড়ের হাট বসতে দেওয়া যাবে না। দু'পক্ষের গন্ডগোলে শেষপর্যন্ত আর হাট বসেনি।
এ বিষয়ে রানাঘাটের এসডিপিও প্রবীর মণ্ডল জানান, প্রশাসনের তরফ থেকে ১৪৪ ধারা জারি করে দেওয়া হবে, যাতে কেউ ওই মাঠে প্রবেশ করতে না পারে। হাট কর্তৃপক্ষ এবং যাঁরা বাধা দিচ্ছেন তাদের ডেকে বিষয়টি বলে দেওয়া হবে।