দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লকডাউন। চলছে না বাস। তবুও এড়ানো গেল না নিয়তি। বাসের রক্ষণাবেক্ষণ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাসকর্মী।
ভাতার ব্লকের কুলচণ্ডা গ্রামের বাসিন্দা বিপুলকান্তি রায় (৫৫)। বাসের কন্ডাকটর ছিলেন তিনি। এখন লকডাউন চলায় বেসরকারি বাস বন্ধ। তাই বাস নিয়ে বের হওয়ার প্রশ্ন নেই। কিন্তু বাসের ইঞ্জিন ঠিক রাখতে প্রতিদিনই ভাতার থেকে বর্ধমানে যেতেন তিনি। ধোয়ামোছা সেরে গাড়ি স্টার্ট দিয়ে আবার বাড়ি ফিরে আসতেন।
শনিবার সকালেও বাড়ি থেকে বের হয়েছিলেন বিপুলবাবু। মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন বর্ধমানের দিকে। ভাতারের বেরেন্ডা গ্রামের কাছে ফাঁকা রাস্তায় উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে তাঁর মোটর সাইকেলটিকে। রাস্তার উপর ছিটকে পড়েন বিপুলবাবু। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসেন। কিন্তু উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় বাকরুদ্ধ বিপুলবাবুর পরিবার। জানা গেছে, বাড়িতে স্ত্রী-পুত্র-পুত্রবধূ ও দু’বছরের নাতি রয়েছে তাঁর। বিপুলবাবুই ছিলেন তাঁর পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। তাঁর এমন মৃত্যুতে এখন কে ধরবে সংসারের হাল তা ভেবে চিন্তার মেঘ ঘনিয়েছে পরিবারে।