শেষ আপডেট: 19 January 2020 07:49
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির কাছে শ্মশান থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। হাবড়া থানার বাণীপুর ইতনা নতুন কলোনি এলাকা থেকে আজ রবিবার সকালে বছর ছাব্বিশের ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ভজন পাইক (২৬)। রাত আটটা নাগাদ বাড়িতে ফোন করে ভজন জানান যে তিনি বারাসতে আছেন, আধঘণ্টা পরে বাড়ি ফিরবেন। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেও তিনি না ফেরায় বাড়ির লোকজন তাঁকে ফোন করতে থাকেন। বারবার চেষ্টা করেও তাঁকেও ফোনে পাওয়া যায়নি। সকাল ছ’টা নাগাদ তাঁদের এক প্রতিবেশী ভজনের মাসতুতো ভাইকে জানান যে ভজন পড়ে রয়েছেন বাড়ির কাছেই এক শ্মশানের ধারে।
তখনই সেখানে গিয়ে হাজির হন বাড়ির লোকজন। দেখেন ভজনের মুখে রক্তের দাগ লেগে রয়েছে। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পরিবারের লোকজন জানিয়েছেন যে ভজন চাল বিক্রি করতেন। কিছুদিন আগে জনৈক ‘রাজুদা’র সঙ্গে তিনি কোথাও গিয়েছিলেন কাজের সন্ধানে। সপ্তাহখানেক বাড়িতে ছিলেন না। দিনকয়েক আগে ভজন বাড়িতে ফিরে আসেন। তবে এই ঘটনা কী ভাবে ঘটল সে কথা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। ভজন থাকতেন মায়ের সঙ্গে।
ময়নাতদন্তের জন্য ভজনের দেহ পাঠান হচ্ছে বারাসত হাসপাতালে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।