দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিলল বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থারের। এ বার একেবারে জোড়া ব্ল্যাক প্যান্থার একসঙ্গে দেখা গেছে বলে দাবি। এই ঘটনায় শোরগোল পড়েছে বনকর্মীদের মধ্যে।
বনদফতরের গাইড লেখু মাহাতো ১২ জানুয়ারি জয়ন্তির মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পান বলে খবর। ফরেস্টের গাইড সেই জোড়া ব্ল্যাক প্যান্থারের ছবিও মোবাইল বন্দি করেন। কিছু পর্যটকও দাবি করেছেন ওই এলাকায় দু’টি ব্ল্যাক প্যান্থার দেখেছেন তাঁরাও।
খবর আসতেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকারিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জয়ন্তী পাহাড় থেকে ওই প্রাণী দু’টি নিচে নেমে আসে বলে মনে করছেন বন আধিকারিকরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “বক্সাতে ব্ল্যাক প্যান্থার নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এই বনাঞ্চলে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে। তবে তাদের প্রকাশ্যে আসার ঘটনা খুবই কম ঘটে। সম্প্রতি দু’টো ব্ল্যাক প্যান্থারকে আবার একসঙ্গে দেখা গেছে।”