দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: নারায়ণগড়ে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে ভাঙচুর ও এক অনুগামীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
গত ১৮ ডিসেম্বর নারায়ণগড়ের মকরামপুরে শুভেন্দু অধিকারীর অনুগামীরা সহায়তা কেন্দ্র গড়ে তুলেছিলেন। সেই কেন্দ্রেই মঙ্গলবার তাঁর এক অনুগামী আক্রান্ত হন বলে অভিযোগ। মারধরে জখম ওই ব্যক্তিকে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দাদার অনুগামী বলে পরিচিত ওই আহত ব্যক্তি সন্দীপ মেটিয়া এদিন বলেন, ‘‘দাদা (শুভেন্দু) যেহেতু বিজেপিতে যোগদান করেছেন তাই আমরা তাঁর অনুগামী হয়ে সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা লাগাচ্ছিলাম। তখনই বিজেপির কয়েকজন এসে নানা প্রশ্ন করে। কথা কাটাকাটির পরে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স। লন্ডভন্ড করা হয় অফিস। দীর্ঘদিন ধরে দাদার অনুগামী হিসেবে কাজ করেছি। দাদা বিজেপিতে যোগদান করেছেন। আমরাও বিজেপি।’’
তাঁর অভিযোগ, তিনি বিজেপির কোন পদে আছেন ? কিংবা কবে থেকে বিজেপিতে যোগ দিলেন? এমন নানা প্রশ্ন করা হয় তাঁকে।
নারায়ণগড় থানায় ঘটনার লিখিত অভিযোগ করেছেন বলে দাবি করেন সন্দীপ। তবে পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। বিজেপির নারায়ণগড় উত্তর মণ্ডলের সভাপতি সত্যজিত দে বলেন, ‘‘ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। তৃণমূলের পক্ষ থেকেই এই কাজ করা হয়েছে। কাউকে আমাদের দলে আসতে হলে নির্দিষ্ট পদ্ধতি মেনেই আসতে হবে।’’
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘বিজেপি এখন সবার জন্য দরজা খুলে দিয়েছে। এই নিয়ে তাঁদের দলের মধ্যেই গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গেছে। এই ঘটনাও তারই জের। এর সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়।’’