দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরামবাগে পদযাত্রার পর বৃহস্পতিবার রিষড়ায় স্কুল মাঠে সভা করার কথা শুভেন্দু অধিকারীর। তার আগেই এই সভা ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা সৃষ্টি হল। বুধবার রাতে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির কাজ বন্ধ করতে বললে উত্তেজনা দেখা দেয়।
পুলিশ জানায়, এই সভার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তারপরেই উত্তেজনা চরমে ওঠে। বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। পিছু হটে পুলিশ। এরপর বৃহস্পতিবার সকাল থেকে আবার মঞ্চ বাধার কাজ শুরু হয়।
বিজেপির দাবি, বেশ কিছুদিন আগেই এই সভার কর্মসূচি নেওয়া হয়। রিষড়া গার্লস স্কুলের মাঠে সভা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কোনও উত্তর মেলেনি। এখন রাজনৈতিক বিরোধিতার জন্য পুলিশ-প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। স্থানীয় বিজেপি নেতা বিজয় পান্ডে বলেন, ‘‘এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তাই পুলিশ নিয়ে এসে বাধা দিচ্ছেন। আমরা ফের মঞ্চ বাধার কাজ শুরু করেছি। কারণ অনুমতির জন্য আগেই আমরা স্কুলে দরখাস্ত করেছিলাম।’’
বৃহস্পতিবার আরামবাগে পদযাত্রার পরে সন্ধেবেলা রিষড়ায় সভা করার কথা শুভেন্দু অধিকারীর। তার আগে যদি পুলিশ বাধা দেয় তবে এলাকায় পদযাত্রা করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বিজেপি নেতারা বলেন, ‘‘সভা করতে বাধা এলে রিষড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত বিশাল পদযাত্রা করবেন তাঁরা। সেই প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে।’’
এদিকে বিজেপির আনা রাজনৈতিক বাধার প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা বিজয়সাগর মিশ্র বলেন, ‘‘ওদের সভায় বাধা দেওয়ার কোনও অভিসন্ধি তৃণমূলের নেই। তৃণমূল সেই সংস্কৃতিতে বিশ্বাস করে না। অনুমতি না নিয়ে সভার আয়োজন করায় পুলিশের পক্ষ থেকে ওদের বাধা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’’
পুলিশ জানিয়েছে, যে স্কুলের মাঠে সভা, সেই স্কুল কর্তৃপক্ষই কোনও অনুমতি না নিয়ে সভা করা হচ্ছে বলে রিষড়া থানায় অভিযোগ জানিয়েছে। তাই তারা বিষয়টি দেখতে সভাস্থলে গিয়েছিলেন।
সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর সভার আগেই রাজনীতির পারদ চড়ছে রিষড়ায়।