
শেষ আপডেট: 14 January 2021 12:22
খেলার নিয়ম হল, সকাল থেকে না খাইয়ে রাখতে হয় বুলবুলকে। এরপর খেলার জায়গাতে একটা মঞ্চে রাখা হয় কলার টুকরো। সেই এক টুকরো কলা খাবে বুলবুল, তাও আবার লড়াইয়ে জিতে। খাদ্যের অধিকারের জন্যই যুদ্ধ। দুই পাখির লড়াই দেখতে সুদূর ঝাড়খন্ড, ও়ডিশা থেকে আসেন অসংখ্য মানুষ। পাখি দুটিকে ঘিরে বসেন তাঁরা। লড়াই ঘিরে সে এক হইহই কাণ্ড!
গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত কয়েকশো বছরের ঐতিহ্যবাহী এই বুলবুলির লড়াই গোপীবল্লভপুরের আদি সংস্কৃতি। মকর সংক্রান্তির দিন গোবিন্দজিউর মন্দিরের সামনে বসে এই বুলবুলির লড়াই। তার আগে প্রায় দু’মাস ধরে এই বুলবুলির লড়াইয়ের প্রস্তুতি চলে। পাখি ধরা থেকে শুরু করে পাখিকে বেঁধে রেখে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেওয়া দু’মাস ধরে চলতে থাকে। এ বারের লড়াইয়ে অংশ নিয়েছে একশোরও বেশি বুলবুল। গোপীবল্লভপুর এক ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য সত্যরঞ্জন বারিক বলেন “এটা আমাদের এখানকার কয়েকশো বছরের পুরনো সংস্কৃতি। এই মকরসংক্রান্তির দিন এই লড়াই দেখতে আসেন বাইরের বহু মানুষও।’’
প্রতিটি রাউন্ডে যে পাখি হেরে যায় সেই পাখির মাথার ঝুঁটি কেটে দিয়ে বোঝানো হয় সে বিজিত। আর যে বিজয়ী সেই পাখির মালিককের হাতে তুলে দেওয়া হয় ট্রফি সহ আনুসঙ্গিক নানা পুরস্কার। বৃহস্পতিবার দক্ষিণ সাই পাড়াকে হারিয়ে জয়ী হল বাজার সাই পাড়া।