দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ঝাড়খণ্ড থেকে মালদহে আসার পথে মানিকচকের কাছে গঙ্গানদীতে ডুবে গেল একটি বার্জ। প্রায় দশটি লরি ওই বার্জে ছিল বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অন্তত ২০ জন যাত্রী এখনও নিখোঁজ বলে খবর।
সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ মানিকচকের গঙ্গার ঘাটের কাছেই এই দুর্ঘটনা ঘটে। এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই লঞ্চ ডুবির ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকার মানুষের ভিড় জমে যায় গঙ্গার ঘাটে। খবর পেয়ে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। এত বড় মাপের দুর্ঘটনার খবর পেয়ে মালদহ থেকে মানিকচকে ছুটে গিয়েছেন জেলাশাসক রাজর্ষি মিত্র এবং পুলিশ সুপার অলোক রাজোরিয়া। যাত্রীদের উদ্ধারের জন্য দুর্যোগ মোকাবিলা দফতরের অফিসার ও কর্মীরাও ঘটনাস্থলে গিয়েছেন। উদ্ধার কাজে নামানো হয়েছে ডুবুরি। ঘটনাস্থলে পৌঁছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ১০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের অনেককেই মানিকচক এবং মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা। মানিকচক ঘাটে অন্ধকার থাকায় জেনারেটরের সাহায্যে সার্চ লাইট জ্বালিয়ে চলছে উদ্ধার কাজ।
স্থানীয় ফেরিঘাট কর্তৃপক্ষ পুলিশ ও প্রশাসনকে জানিয়েছে, ঝাড়খণ্ডের রাজমহল থেকে মালদহের মানিকচকের আসছিল বিশাল মাপের এই বার্জটি। দশটি পণ্যবাহী লরি ছিল তাতে। প্রতিটি লরিতে বালি, পাথর মজুত করা ছিল। মানিকচকের গঙ্গার ঘাটে লঞ্চটি লাগার মুহূর্তেই বেসামাল হয়ে পড়ে এবং লরিগুলি নিয়ন্ত্রণ রাখতে না পেরে একের পর এক গঙ্গার গভীরে তলিয়ে যেতে শুরু করে। এরপর লঞ্চের পিছন দিকের অংশের একটি যন্ত্রাংশ মুহূর্তের মধ্যে বিকল হয়ে ভেঙে যায়। এরপরই লঞ্চটি ডুবে যেতে শুরু করে। সেই সময় যাত্রীদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।
দেখুন ভিডিও।
https://www.youtube.com/watch?v=sugOIoHAYKs
বাসিন্দারা অভিযোগ করেন, যাত্রীদের অনেকেই তাঁদের চোখের সামনে তলিয়ে যেতে থাকেন। উদ্ধার কাজ চালানোর পাশাপাশি কী কারণে লঞ্চটি ডুবল তা খতিয়ে দেখছেন পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। প্রশ্ন উঠেছে অতিরিক্ত পণ্য-সামগ্রীর বোঝাই লরি নিয়েই চলাচল করার জন্যই কি এই বিপত্তি ঘটেছে। সে ব্যাপারে অবশ্য পুলিশ ও প্রশাসনের কর্তারা এখনও কোনও মন্তব্য করেননি।
জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, লঞ্চ ডুবির ঘটনায় প্রাথমিকভাবে জানা গিয়েছে একাধিক পণ্যবাহী লরি গঙ্গার গভীরে তলিয়ে গিয়েছে। কয়েকজন যাত্রী নিখোঁজের কথা শোনা গিয়েছে। তবে সংখ্যা কত, এখন কিছু বলা যাচ্ছে না। পুরো পরিস্থিতি তদারকি করে এ ব্যাপারে কিছু বলা যাবে।