দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: করোনা রুখতে অন্যতম অস্ত্র হ্যান্ড স্যানিটাইজার অমিল হয়েছে বাজার থেকে। গোটা রাজ্য জুড়েই উঠছে কালোবাজারির অভিযোগ। অনেকেই নিজেদের মতো করে উপায় বাতলে এর মোকাবিলা করার চেষ্টা করছেন। বর্ধমানের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাও সামিল হলেন এই উদ্যোগে।
রাবিং অ্যালকোহল, অ্যালোভেরা এবং লেবুর রস দিয়ে স্যানিটাইজার তৈরি করছেন বড়শুল ২ নম্বর ব্লকের মেয়েরা। ইতিমধ্যেই তাঁদের কাছে স্যানিটাইজারের বরাত দিয়েছেন বিভিন্ন সংস্থা। তাই জোরকদমে চলছে কাজ। বাজারের থেকে অনেক কম দামে এই স্যানিটাইজার তাঁরা ক্রেতাদের হাতে তুলে দিতে পারবেন বলে জানালেন ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
বাজারে যেখানে ১০০ থেকে ১৫০ টাকায় মিলছে স্যানিটাইজার, সেখানে এই গোষ্ঠীর তৈরি স্যানিটাইজার মিলবে ৫০-৬০ টাকায়। বড়শুল ২ নম্বর ব্লকের বিডিও অদিতি বসু বলেন, “সারাদিন নানা কাজে আমাদের অফিসে বহু মানুষ আসেন। তাই অফিসের কর্মীদের নিরাপত্তার দিকটা আমাদের মাথায় রাখতে হবে। এই স্যানিটাইজার অফিসেও ব্যবহার করা যাবে। একই সঙ্গে আরও যাঁরা বরাত দিচ্ছেন তাঁদেরও সরবরাহ করা গেলে আর্থিকভাবে লাভবান হবে এই গোষ্ঠী। আমরা সেটাই চেষ্টা করছি।”
এই গোষ্ঠীর সদস্যরা বলেন, পরিবারে একটু স্বচ্ছলতা আনতে এই গোষ্ঠীতে এসে নানা ধরণের জিনিস তৈরি করি আমরা। সেগুলো বাজারে বিক্রি হয়। কিন্তু এই স্যানিটাইজার তৈরির বিষয়টার সঙ্গে সমাজের সুরক্ষা জড়িয়ে। তাই কাজটা করতে পেরে গর্বও হচ্ছে খুব।”
ইতিমধ্যেই তাঁদের তৈরি স্যানিটাইজার ব্যবহার শুরু হয়ে গেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে।