দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। প্রতিবাদে সরব হয়েছেন ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী।
অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের এক অধ্যাপক চতুর্থ সেমেস্টারের ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। অধ্যাপকের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সম্প্রতি সেমেস্টারের ফলাফল বেরোতে দেখা যায় ওই অধ্যাপকের পেপারে পাশ করতে পারেননি ওই ছাত্রীটি। প্রথমে বিষয়টি নিয়ে মুখ না খুললেও রেজাল্ট বের হওয়ার পরে বন্ধুদের কাছে সব খুলে বলে ওই ছাত্রী।
বিষয়টি জানাজানি হতেই সাড়া পড়ে যায় বিশ্ববিদ্যালয়ে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ অবস্থান করে ছাত্র-ছাত্রীরা। ফিজিক্স ডিপার্টমেন্ট ছাড়াও মাইক্রোবায়োলজি ও ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র-ছাত্রীরা এই আন্দোলনে যোগ দেন। অবিলম্বে অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এআইডিএসও নেতা বাপি বেরা। ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বেরা। দোষী অধ্যাপকের শাস্তি না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবিভিপি জেলা সভাপতি স্বরূপ মাইতিও।
এ দিকে ছাত্রীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে এ দিনই অভিযুক্ত অধ্যাপককে ডেকে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।