দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: করোনা শঙ্কায় সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হল দিঘায়। নিষিদ্ধ করা হল পিকনিকও। একসঙ্গে সমুদ্রের ধারে জড়ো হয়ে ঘোরাফেরাও বন্ধ করতে বলা হল পর্যটকদের। আজ থেকেই লাগু হল এই বিধিনিষেধ।পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানান, করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই সৈকতনগরীতে এই পদক্ষেপ করা হল।
সারাবছরই পর্যটকদের ভিড় থাকে দিঘায়। তাঁদের মধ্যে যেমন রয়েছেন এই রাজ্যের পর্যটক, তেমনই ভিনরাজ্য থেকে আসা মানুষের সংখ্যাও নেহাত কম নয়। ফলে একটা ঝুঁকি থেকেই যায়। তা যেমন এলাকার মানুষের, তেমনই বাইরে থেকে আসা পর্যটকদেরও। জেলাশাসক বলেন, "এই সমস্ত চিন্তাভাবনা করেই দিঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। মাইক নিয়ে দিঘার সমুদ্র সৈকতে এ ব্যাপারে প্রচার চালানো হচ্ছে।"
সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি বাধানিষেধ আরোপ হল মৎসজীবিদেরও মাছ ধরার ক্ষেত্রেও। দিঘা থেকে মোহনায় মাছ ধরতে যাওয়া প্রায় দু-হাজার ট্রলারকে ফিসিং বন্ধ করতে বলা হয়েছে। পঞ্চায়েতগুলিকেও বহিরাগতদের ব্যাপারে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।