দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: চেন টেনে ট্রেন থামিয়ে নেমে পড়েও শেষ রক্ষা হল না। কর্তব্যরত আরপিএফ কর্মীদের নজরে পড়ে যাওয়ায় স্টেশনেই আটকে পড়তে হল পরিযায়ী শ্রমিকদের।
বৃহস্পতিবার রাতে কাটিয়াম থেকে মালদা টাউনগামী শ্রমিক স্পেশ্যাল ট্রেনটি বাঁকুড়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছিল। বর্ধমানের উপর দিয়ে ট্রেনটির যাওয়ার কথা থাকলেও কোনও কারণে সেই রুট পরিবর্তন করে বাঁকুড়ার উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বাঁকুড়া স্টেশনে ট্রেন ঢোকা মাত্রই চেন টেনে ট্রেন থামিয়ে নেমে পড়েন ইন্দাস, পাত্রসায়র, বিষ্ণুপুর ও পশ্চিম বর্ধমানের এলাকার বাসিন্দা ৫৮ জন পরিযায়ী শ্রমিক।
বিষয়টি কর্তব্যরত আরপিএফ কর্মীদের নজরে আসায় প্রত্যেকেই আটক করেন তাঁরা। পরে ওই ৫৮ জনকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গত ২৩ তারিখ বেঙ্গালুরু থেকে অসমগামী শ্রমিক স্পেশাল ট্রেনের চেন টেনে থামিয়ে জলপাইগুড়ির বেলাকোবায় নেমে পড়েছিলেন আটজন পরিযায়ী শ্রমিক। এই আট শ্রমিকদের মধ্যে ছ’জন পাঞ্জিপাড়া এলাকার ও দু’জন আলিপুরদুয়ারের বাসিন্দা। বেলাকোবার হাসুয়াপাড়া এলাকার বাসিন্দা মিন্টু রায় জানান, আচমকা ট্রেন থামার শব্দ পেয়ে লক্ষ করেন ট্রেন থেকে রেল ট্র্যাকে লাফিয়ে নামছে বেশ কিছু লোক। খবর পেয়ে পুলিশ ও আরপিএফ ছুটে এসে তাঁদের আটকায়।
জানা যায়, পাঞ্জিপাড়ায় ট্রেন দাড়ায় নি। এরপর এনজেপি তে ট্রেন দাঁড়ালে তাঁদের নামতে দেওয়া হয়নি। ট্রেনে বসে তাঁরা শুনতে পান অসমে গিয়ে ট্রেন দাঁড়াবে। তখনই হুড়োহুড়ি করে চেন টেনে ট্রেন থেকে নেমে পড়েন তাঁরা।
পরে জলপাইগুড়ি আরপিএফ থানার আধিকারিক সুনীল কুমার পাশোয়ান তাঁদের আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন। সেই ঘটনারই পুনরাবৃত্তি এবার ঘটল বাঁকুড়ায়।