
শেষ আপডেট: 20 October 2022 07:04
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর বিসর্জনের সময় মালবাজারের বিপর্যয়ের ঘটনা এখনও মানুষের স্মৃতিতে টাটকা। তারই মধ্যে কালীপুজোর (Kali puja) সময় ঘূর্ণিঝড় সিতরাং আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সে কথা মাথায় রেখেই কালীপুজোর বিসর্জন (immersion) নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যেই সমস্ত কালী প্রতিমা বিসর্জন দিয়ে দিতে হবে। কালীপুজোর বিসর্জন নিয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে নজর রাখার জন্য জেলাগুলির আইসি, ডিআইজি, এসপি এবং আইজিদের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।
কালীপুজোর সময় দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় সিতরাং আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে বুধবার বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব বৈঠক করেছেন দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে। গত শনিবার বিভিন্ন ঘাটগুলিতে বিসর্জনের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব। তারপরেই স্বরাষ্ট্র দফতরের তরফে বুধবার জানানো হল, ২৪ তারিখ কালীপুজোর পর আগামী ২৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে সমস্ত কালী প্রতিমার বিসর্জন সেরে ফেলতে হবে। ঘাটগুলিতে ক্রমাগত নজরদারি চালানোর নিদেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
প্রসঙ্গত, দুর্গাপুজোর বিসর্জনের সময় দশমীর রাতে মালবাজারে মাল নদীতে আচমকাই হড়পা বান আসে। তাতে ভেসে যান অজস্র মানুষ। মর্মান্তিক সেই দুর্ঘটনায় নদীতে তলিয়ে মৃত্যু হয়েছিল ৮ জনের।