
শেষ আপডেট: 15 January 2020 06:22
সমুদ্র-দেবতার কাছে মৎস্যজীবীদের কাতর প্রার্থনা, শান্ত হন সমুদ্র-দেবতা, সমুদ্রে পাড়ি দেওয়ার সময় যদি কোনও ভুল-ভ্রান্তি হয়ে থাকে তবে তা যেন ক্ষমা করে দেন দেবতা। ব্যবসায় যাতে নতুন করে আর লোকসান না হয় সেই প্রার্থনাও তাঁরাও করেছেন। শুধু নিজেদের জন্য নয়, রাজ্যের তথা সারা বিশ্বের মৎস্যজীবীকে ভাল রাখার জন্যও তাঁরা প্রার্থনা করেছেন।
দূষণের ফলেই যে মাছ তাঁরা পাচ্ছেন না সেকথা বুঝতে পেরেছেন মৎস্যজীবীরা। তাই সমুদ্রকে দূষণমুক্ত রাখার অঙ্গীকারও তাঁরা করেছেন।
মৎস্যজীবীরা প্রথমে ঘটা করে সমুদ্রের সৈকতকে পুজো করেন। তারপরে শুরু হয় সমুদ্রের আরাধনা। এজন্য একত্রিশ জন পণ্ডিত আসেন।
এদিন দিঘার মৎস্যজীবীদের আয়োজনে গঙ্গোৎসব ও মেলার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এবং বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা।
দিঘার মোহনায় গঙ্গোৎসব দেখতে ও মকর সংক্রান্তি উপলক্ষে সমুদ্রস্নান সারতে দিঘায় আজ লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে। মেলার জন্য তো বটেই তার উপরে রয়েছে পর্যটকদের ভিড়। দিঘা এখন সরগরম।
এই অবস্থায় সম্ভাব্য বিপদ এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে। অতিরিক্ত সংখ্যায় পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে।