
শেষ আপডেট: 15 July 2022 07:32
দ্য ওয়াল ব্যুরো: দেউচা পাচামি (Deucha Pachami) কয়লা প্রকল্প উদ্বোধনের পর থেকেই চলছে টানাপোড়েন। তবে তার মাঝেই এবার এক ধাপ এগোল এই প্রকল্পের কাজ। দেউচা পাচামিতে শুরু হল কয়লার বোরিংয়ের (Coal Boring) কাজ।
জানা গেছে, হরিণশিঙা দেওয়ানগঞ্জ প্রথম প্রজেক্ট এলাকার কেন্দ্রগড়িয়া গ্রামে চলছে এই খননের কাজ। ওই এলাকায় কত ফুট নীচে কোথায় কোথায় কয়লা রয়েছে তা দেখার জন্যই বোরিংয়ের কাজ চলছে। মোট আটটি জায়গায় এই বোরিংয়ের কাজ করা হবে খবর।
বৃহস্পতিবার পুলিশি নিরাপত্তার মধ্যে দেউচা পাচামিতে শুরু হল বোরিংয়ের কাজ। গ্রামবাসীদের দাবি, তাঁরা শিল্পের পক্ষে রয়েছেন, তবে তাঁদের জন্য যেন সরকার কিছু ভাবেন। তাঁদের কথায়, আমাদের অনেকেরই জমি নেই। পাথর কলে বা পাথর ভেঙে দিন চলে।
এদিকে গতকাল বোরিং করার আগে বাধা দেয় মহাসভা। যদিও সেই বাধা রুখে দেন গ্রামবাসীরাই। এদিন ফের বোরিংয়ের কাজ শুরু হল। উপস্থিত ছিলেন বিডিও, বিএলআরও এবং পিডিসিএলের আধিকারিকরাও।
উল্লেখ্য, দেউচা পাচামি কয়লা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, যাঁরা এই প্রকল্পে জমি দেবেন সেইসব পরিবারের একজন সদস্যকে চাকরি দেবে রাজ্য সরকার। মিলবে কনস্টেবল পদে চাকরি। সেইজন্য নতুন করে ৫১০০টি পদ তৈরি করা হয়েছে। জুলাইয়ের শুরুতেই সিউড়ির ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরির এই নিয়োগ পত্র তুলে দেওয়া কাজও শুরু হয়।
দু’বছর পর সৎকার হল মৃতের! পারিবারিক ঝামেলায় এতদিন মর্গে ছিল আনন্দপুরের বাসিন্দার দেহ