দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাস্তা জুড়ে পড়ে থাকছে নির্মাণ সামগ্রী। জিটি রোড সহ শহরের একাধিক রাস্তায় বালি, ইট থেকে শুরু করে পুরসভার জল প্রকল্পের লোহার পাইপ সবই পড়ে থাকছে। কোথাও আবার রাস্তার পাশেই ডাঁই করে ফেলে রাখা হচ্ছে মাটি। ফলে চলার রাস্তা ছোট হয়ে গিয়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
সপ্তাহখানেক আগে, বর্ধমানের মেমারির কদমপুকুর এলাকায় বাস ও ম্যাটাডোরের সংঘর্ষে মৃত্যু হয় বাসচালকের। স্থানীয়দের দাবি, রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় রাস্তা ছোট হয়ে গেছে। তাই দুর্ঘটনা ঘটেছে। বর্ধমান শহরেও একই ছবি। শহরের জিটি রোডের উপর বিভিন্ন জায়গায় পড়ে থাকছে নির্মাণ সামগ্রী। নীলপুরের দিকে জিটি রোডের উপর বারবার নির্মাণ সামগ্রী পড়ে থাকা নিয়ে অভিযোগ উঠছে।
বীরহাটার দিক থেকে কার্জনগেটের দিকে আসা ব্রিজের মুখে রাখা হয়েছে বালি। রাতে ব্রিজে আলো থাকে না। ঘুটঘুটে অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। তাছাড়াও শহরের টিকরহাটে রাস্তায় পড়ে রয়েছে অম্রুত প্রকল্পের জলের পাইপ। পাশে ঢিবি করে রাখা হয়েছে মাটি। রাজগঞ্জ রথতলা রোডে, কোটালহাট, নতুনগঞ্জ বাজার যাওয়ার রাস্তা, ভাতছালা, বংপুর রোড, ঝাপানতলার বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী পড়ে থাকতে দেখা গেছে। শহরের বাসিন্দা সনৎ সিংহ, চিত্তরঞ্জন দাস, পদ্মা দে-রা জানান, রাস্তায় নির্মাণ সামগ্রী থাকায় দিনের বেলায় যানজট আর রাতের বেলায় অন্ধকারে বাড়ে বিপদ। অন্ধকারে ফেলে রাখা বালি ও ইটের উপর বাইক টোটো উঠে গিয়ে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কিন্তু কারও কোনও হেলদোল নেই।
এই ব্যাপারে সকলকেই সচেতন হাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। পৌরসভার এক কর্তা বলেন, ‘‘বারবার এই ব্যাপারে সতর্ক করা হয়। কিন্তু মানুষ সচেতন হচ্ছেন না।’’