
শেষ আপডেট: 15 June 2022 11:24
দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার প্রাইমারি মামলায় (SSC Scam) সিবিআইয়ের প্রাক্তন কর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের (Upen Biswas) নাম যুক্ত করতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সেই মামলার শুনানি ছিল। সেখানে উপস্থিত ছিলেন উপেন স্বয়ং। এদিন সেই শুনানিতে সিবিআইয়ের কাজ নিয়ে বোমা ফাটালেন উপেন বিশ্বাস। বিচারপতির এক প্রশ্নে উপেন বিশ্বাস বলেন, " সিবিআইয়ের লোকবল কম। আরও বেশি লোক নিয়োগ করা প্রয়োজন।" শুধু তাই নয় এই তদন্ত হাইকোর্টের নজরদারিতে করার কথাও বলেন তিনি। তাঁর কথায়, "আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করুক। যাতে ইচ্ছে থাকলেও প্রধানমন্ত্রী সেখানে হস্তক্ষেপ করতে না পারেন।"
শিক্ষক-নিয়োগ কেলেঙ্কারিতে রঞ্জন-বোমাটি প্রথম ফাটিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস। কে এই রঞ্জন? কেন এখনও তাঁকে গ্রেফতার করা যায়নি? বিচাপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে উপেনবাবু বলেন, "আমি অসহায় ছিলাম। লোকবল ছিল না। আমি চাই এই মামলার তদন্তে স্পেশাল অফিসার নিয়োগ করা হোক। একটি সিট গঠন করে সিবিআই তদন্ত করুক। যাঁরা তদন্তের সঙ্গে যুক্ত থাকবেন, তাঁদের বদলি করা যাবে না। আদালতের নজরদারিতে তদন্ত হোক। তাতে প্রধানমন্ত্রীও হস্তক্ষেপ করতে পারবেন না।"
এদিনও সিবিআইয়ের প্রাক্তন কর্তা বলেন, " রঞ্জনকে গ্রেফতার করতে না পারলে এই তদন্ত এগোবে না।" তিনি এও বলেন, তদন্ত প্রক্রিয়া যেন স্বচ্ছ ও অবাধ হয় সেই দিকেও নজর রাখতে হবে। ন হলে কোনদিনই রঞ্জনের সন্ধান পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, "আমার কাছে বহু অভিযোগ এসেছিল। কিন্ত আমি এতটাই অসহায় ছিলাম যে পুলিশের কাছে অভিযোগ করব তারও উপায় ছিল না। একজন পুলিশ কনস্টেবলকেও কোন নির্দেশ দিতে পারিনি। কারণ তাঁরা জেলা সভাপতির কথা ছাড়া একপা এগোয় না।"
তিনি জানান, "রঞ্জন একটা সিরিজ অফ পিপিলের বিন্দুমাত্র। সে মাকড়শার মত জালের মাঝে আছে।" তিনি বলেন, রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এদিন কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দেয় সিবিআই। নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালত যে নির্দেশ দিয়েছেন সেগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছেন বলে আদালতে জানালেন সিবিআই (CBI Probe)।