
শেষ আপডেট: 13 March 2023 10:48
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ সি নিয়োগে (Group C) বড়সড় দুর্নীতির হদিশ মিলল। নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল আগেই। এবার সেই অভিযোগে সিলমোহর দিল স্কুল সার্ভিস কমিশন। সোমবার কমিশন গ্রুপ সি পদের ৩ হাজার ৪৭৮ জনের তালিকা প্রকাশ করল। যা দেখে চোখ কপালে ওঠার জোগাড়!
তালিকায় ৮ নম্বরে থাকা আবদুল মান্নান সরকারের কথা ধরা যাক। পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ০, কিন্তু যে ওএমআর শিট প্রকাশ করা হয়েছে তাতে জ্বলজ্বল করছে ৫৭। আবার অভিষেক মাইতির কথা ধরা যাক, শূন্য হয়ে গেছে ৫৬।
এখানেই শেষ নয়, প্রাপ্ত নম্বর এবং ওএমআর শিটে দেখানো নম্বরের ফারাক কোথাও ৫৫, কোথাও ৫২। প্রাপ্ত ১ নম্বর গিয়ে দাঁড়িয়েছে ৫৬ তে সেই উদাহরণও রয়েছে তালিকায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ১০ নম্বরের কম পাওয়া প্রার্থীদেরই নম্বর বাড়ানো হয়েছে।
কমিশন সূত্রে খবর, সোমবার যে ৩ হাজার ৪৭৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে ৩ হাজার ৩০ জনেরই দেদার নম্বর বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশেই এই তালিকা প্রকাশ করেছে কমিশন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপ সি নিয়োগ মামলার শুনানিতে কমিশন নম্বর কারচুপির কথা স্বীকার করেছিল। গাজিয়াবাদের নাইসা নিয়োগ পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে ছিল। অভিযোগ এই সংস্থার দেওয়া নম্বর ও কমিশনের দেওয়া নম্বরের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এই দুর্নীতির তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় এজেন্সি তদন্তে এই ফারাকের কথা আদালতে জানিয়েছিল।
তারপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনকে নির্দেশ দেয়, নম্বর বিভাজনের তালিকা প্রকাশ করার। উল্লেখ্য, গত শনিবারই হাইকোর্টের নির্দেশেই চাকরি গেছে ৮৪২ জনের। তাদের মধ্যে ৫৭ জনের সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছিল বলে অভিযোগ ছিল। এখন দেখার, এই ৩ হাজারের বেশি যে নামের তালিকা সোমবার কমিশন প্রকাশ করল তাঁদের চাকরির ভবিষ্যৎ কী হতে চলেছে।




স্পিকারের ঘরে মিছিল করে আসব, আজকে শান্তভাবে বলে গেলাম, হুমকি শুভেন্দুর