
শেষ আপডেট: 12 September 2023 18:29
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আচার্য তথা রাজ্যপালের যোগাযোগ আরও সুদৃঢ় করতে মঙ্গলবার রাজভবন থেকে চালু করা হল ‘স্পিড প্রোগ্রাম’ (Speed program launched at Raj Bhavan)।
এজন্য রাজভবনের তরফে ০৩৩ ২২০০ ১৬৪২ নম্বরটি দেওয়া হয়েছে। এরই পাশাপাশি একটি মেইল আইডিও দেওয়া হয়েছে। এটি হল aamnesaamne.rajbhavankolkata@gmail.com। সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা এই নম্বরে বা মেইল আইডিতে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় বিষয়ে রাজভবনকে জানানো যাবে।
একই সঙ্গে এদিন রাজভবনের তরফে রাজ্যের ২৫ টি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে অধ্যাপক কমিটির নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক জটিলতা সহ নানা সমস্যার সমাধানে পরামর্শ দেওয়ার জন্য এদিন একটি উপাচার্য কমিটিও (মনিটরিং সেল) গঠন করেছে রাজভবন। যার ফলে রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে রাজ্যপাল আরও এককদম এগোলেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজভবনের তরফে অবশ্য দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়নের স্বার্থেই এমন পদক্ষেপ।
প্রসঙ্গত, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন ও রাজ্য সরকারের কাজিয়া যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। শনিবারের মধ্যরাতে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস। সূত্রের খবর, ওই রাতে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। অন্য চিঠিটি পাঠিয়েছেন কেন্দ্রকে। যদিও সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছিলেন, “সেরকম বিশেষ কোনও চিঠি দেননি। উনি (রাজ্যপাল) বিদেশ সফরের জন্য আমাকে শুভেচ্ছা জানিয়ে দু’চার কথা লিখেছেন।”
ফলে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করেছিলেন, রাজভবন বনাম নবান্নের সংঘাতের আপাতত ইতি হল। তবে তেমন সম্ভবনা যে নেই, তা ফের স্পষ্ট হলেই বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বস্তুত, এদিন মুখ্যমন্ত্রী বিদেশে পাড়ি দেওয়ার পরই কলকাতার হাল হকিকত দেখতে রাজপথে বেরিয়ে ছিলেন রাজ্যপাল।
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল, ভিড়ের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ