তৃণমূল ভবনে দুপুরে জরুরি বৈঠকের সম্ভাবনা, মুকুল রায়কে নিয়ে জল্পনায় হাওয়া ভারী
দ্য ওয়াল ব্যুরো: মুকুল রায় ফের তৃণমূলে যোগ দিতে পারেন-- এমনই জল্পনা গত কয়েক দিন ধরেই ঘুরছিল বাংলার রাজনীতির অন্দরে। যদিও এ বিষয়ে এখনও মুকুল রায় নিজে কিছুই জানাননি। তৃণমূলও স্পষ্ট করে কিছুই বলেনি এ বিষয়ে। গতকাল সৌগত রায়ের কিছু মন্তব্যে অবশ্য
শেষ আপডেট: 11 June 2021 07:12
দ্য ওয়াল ব্যুরো: মুকুল রায় ফের তৃণমূলে যোগ দিতে পারেন-- এমনই জল্পনা গত কয়েক দিন ধরেই ঘুরছিল বাংলার রাজনীতির অন্দরে। যদিও এ বিষয়ে এখনও মুকুল রায় নিজে কিছুই জানাননি। তৃণমূলও স্পষ্ট করে কিছুই বলেনি এ বিষয়ে। গতকাল সৌগত রায়ের কিছু মন্তব্যে অবশ্য জল্পনার পাল্লা ফের ভারী হয়।
এর মধ্যেই আজ, শুক্রবার সকালে খবর, দুপুরে জরুরি বৈঠক বসতে পারে তৃণমূল ভবনে। শোনা যাচ্ছে, তার আগে কালীঘাটে বিশেষ বৈঠক হতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের। তবে এই সবটাই এখনও জল্পনার স্তরে রয়েছে। বাংলার রাজনীতির অলিন্দের নানা পর্যবেক্ষণের ভিত্তিতেই বাড়ছে এই জল্পনা।
গতকালই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় বলেছেন, তৃণমূল থেকে বিজেপিতে যাঁরা গিয়েছিলেন, তাঁদেরকে দুটি শ্রেণিতে ভাগ করা উচিত। এক কট্টরপন্থী এবং দুই নরমপন্থী। যাঁরা তৃণমূল ছাড়ার পরে বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তাঁরা কট্টরবাদী। এই তালিকার মধ্যে পড়েন শুভেন্দু অধিকারী। কিন্তু দমদমের সাংসদের কথায়, মুকুল রায় কখনওই মমতা সম্পর্কে আপত্তিকর কিছু বলেননি। অনেকের মতে, এটাই হয়তো মুকুল রায়ের প্রতি ইতিবাচক বার্তা।
সম্প্রতি বিজেপির বৈঠকে মুকুলের অনুপস্থিতি নিয়েও তীব্র জল্পনা তৈরি হয়। দল বলছে, মুকুলবাবুকে খবর দেওয়া হয়েছিল। সর্বভারতীয় সভাপতি বলছেন, তিনি কিছু জানেনই না। অনেকের মতে, এতেই স্পষ্ট মুকুল রায়ের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। তা ছাড়া মুকুলবাবুর অসুস্থ স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে দেখতে যাওয়ার পরও নানান গুজব ডানা মেলেছিল বাংলার রাজনীতিতে।
সব মিলিয়ে জল্পনাকে কেন্দ্র করে বেড়ে ওঠা আলোচনা এবং সেই সংক্রান্ত ঘটনাপ্রবাহ এখন চলবে বলেই মনে করা হচ্ছে। এই প্রতিবেদনের তথ্য এবং তার সঙ্গে সম্পর্কিত নানা বিষয় যেভাবে এগোবে, সেইমতো আপডেট করা হবে দ্য ওয়ালের প্রতিবেদন।