
শেষ আপডেট: 26 May 2023 08:54
দ্য ওয়াল ব্যুরো: উপাচার্যদের শোকজ চিঠি পাঠানো এবং রাজ্য নির্বাচন কমিশনের মাথায় নবান্নের প্রস্তাবিত নামে সায় না দেওয়া—এই দুই প্রসঙ্গ নিয়েই রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjees Reaction on Governor CV Ananda Boses Role)।
এদিন বিধানসভায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিবস পালনের অনুষ্ঠান ছিল। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে স্পিকার বলেন, ‘এ ব্যাপারে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। আমি জানি না কেন রাজ্যপাল হস্তক্ষেপ করতে চাইছেন।’
বিমানবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে কি আগের সময় (পড়ুন জগদীপ ধনকড়ের জমানা) ফিরে আসছে? জবাবে বিধানসভার অধ্যক্ষ বলেন, ‘আগের সময় ফিরে আসছে এটা আমি বলছি না।’ এখনই সিভি আনন্দ বোসকে জগদীপ ধনকড় বলতে চাইলেন না বিধানসভার স্পিকার।

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার নিয়োগ নিয়েও নবান্ন-রাজভবন নয়া সংঘাতের আবহ তৈরি হয়েছে। বর্তমানে যিনি এই দায়িত্বে আছেন সেই সৌরভ দাসের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মে। ২৯ তারিখ নতুন নির্বাচন কমিশনারকে দায়িত্ব নিতে হবে। কিন্তু ২৭ মে দুপুর পর্যন্ত সেই জট কাটেনি। নবান্ন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠায়। কিন্তু রাজভবন তাতে সিলমোহর না দিয়ে পাল্টা নবান্নকে প্রশ্ন করেছে, কী কারণে রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসানো হচ্ছে?
এদিন বিধানসভার স্পিকার বলেন, ‘রাজ্যপাল কি জানেন না যে রাজ্য নির্বাচন কমিশনার পদ ফাঁকা রাখা যায় না। নিয়ম তো রাজ্য সরকারের প্রস্তাবে তাঁর সায় দেওয়া। কিন্তু তা তিনি করছেন না। কেন করছেন না জানি না।’
গত এপ্রিলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্যদের চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য। তার মূল বিষয় ছিল, প্রত্যেক আচার্যকে সাপ্তাহিক রিপোর্ট পাঠাতে হবে। কোনও উপাচার্য তা না পাঠানোয় আচার্য হিসাবে শোকজ চিঠি পাঠিয়েছেন আনন্দ বোস।
তবে এখন রাজ্য সরকারের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নামে সিলমোহর না দেওয়া। এ নিয়ে বৃহস্পতিবার রাজভবনে নবান্নের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন রাজ্যপাল।
তবে সেন্ট জেভিয়ার্সের সমাবর্তন বা সরস্বতী পুজোর সন্ধ্যায় রাজভবনের উঠোনে যে সমন্বয়ের সুর মূর্ছনা শোনা গিয়েছিল তা যে কেটেছে তা মানছেন অনেকেই।
অভিষেকের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় জোড়া মামলা শুভেন্দুর! হাইকোর্টে এবার কী অভিযোগ করলেন তিনি