দ্য ওয়াল ব্যুরো: নোটবন্দী করা হয়েছিল দুম করে। তাই প্রবল অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। বিজেপি নেতা রাহুল সিনহাকে এই কথা বলে দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে গোটা দেশজুড়ে চলছে বিজেপির জন সম্পর্ক অভিযান। দেশজুড়ে বিশিষ্ট মানুষদের মোদী সরকারের কাজ নিয়ে কথা বলছেন বিজেপির নেতারা।
এই কারণেই সৌমিত্রবাবুর গলফগ্রিনের বাড়িতে আজ পৌঁছে যান রাহুল সিনহা।
এই বিষয়ে রাহুল পরে জানান, নোটবন্দির আকস্মিক ঘোষণায় সাধারণ মানুষের সমস্যা হয়েছে বলে মনে করছেন সৌমিত্র বাবু। তবে এছাড়া মোদী সরকারের কাজ নিয়ে কোনও অসন্তোষ প্রকাশ করেননি তিনি।
সৌমিত্রবাবুও পরে জানান, অর্থনৈতিক ভাবে কী হয়েছে না হয়েছে বুঝতে পারিনি। কিন্তু দুম করে নোটবন্দীর পর সাধারণ মানুষের অশেষ দুর্গতি হয়েছিল। অল্প সময়ের মধ্যে অনেক টাকা ব্যাঙ্কে গিয়ে বদলাতে হয়েছিল তাঁদের।
তবে রাহুলের কাছ থেকে মোদীর কাজ সন্ত্রান্ত বিশেষ পুস্তিকা গ্রহণ করেন সৌমিত্র।