
শেষ আপডেট: 9 April 2023 14:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শ্বশুরবাড়িতে গিয়ে জামাইয়ের রহস্যমৃত্যু (Death Mystery)। খুনের অভিযোগ দায়ের করল যুবকের পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সোনা দাস। আটাশ বছরের ওই যুবক পেশায় রাজমিস্ত্রি ছিলেন। মুর্শিদাবাদ সালারে তাঁর বাড়ি। দুদিন আগে হুগলির (Hooghly) কোন্নগর নবগ্রামে শ্বশুরবাড়িতে আসেন।
ওই এলাকার এক ঠিকাদার স্বপন দাসের কাছে কাজে যান। এরপর কাজ থেকে ফেরার পথে কেউ বা কারা তাঁকে শ্বশুরবাড়ির সামনেই ছুরি মেরে পালিয়ে যায়। হাসাপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
ঠিকাদার স্বপনবাবু জানান, ''সোনা সন্ধে পর্যন্ত কাজ করেছেন। ছুটির পর তিনি শ্বশুরবাড়ি যান। আচমকাই সোনার ভাই তাঁকে ফোন করে জানায়, দাদাকে ছুরি মেরেছে। উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।''
মৃতের শাশুড়ি মিনতি দাস বলেন, '' জামাই এখানে রাজমিস্ত্রির কাজ করতো। শনিবার বাড়ির বাইরে কারও সঙ্গে ঝগড়া হয়েছিল ওঁর। মা ডাক শুনে বাইরে যেতেই দেখি জামাই পরে যাচ্ছে। আমি তাঁকে ধরি। একজনকে তখন পালিয়ে যেতে দেখি। কী হয়েছিল, কে মারল সেসব ব্যাপারে কিছুই বলতে পারেনি জামাই। ''
সোনার বাবা গোবর্ধন দাস বলেন, '' ছেলে শ্বশুরবাড়িতে ছিল। সেখানে তাকে কেউ খুন করেছে। কে মেরেছে জানিনা। তবে ওর শাশুড়ি বাড়িতে ছিল। '' ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
বৃষ্টির আশায় চাতকপাখির মতো চেয়ে আছে গোটা রাজ্য, আবহাওয়া দফতর বলল…