দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসের এক থেকে ১৫ তারিখের মধ্যে সিবিএসই বোর্ডের যে বাকি পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, তা বাতিল করল সিবিএসই। আজ, বৃহস্পতিবার বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়, দেশের কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। কেন্দ্রের তরফেও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তামিলনাড়ু, মহরাষ্ট্র এবং দিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠায় সিবিএসই পরীক্ষা এখন সম্ভব হবে না।
সিবিএসই নিয়ে সুপ্রিম কোর্টে আগে থেকেই জট ছিল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঘোষণা করেছিল, লকডাউনের জন্য যে পরীক্ষাগুলি হয়নি সেগুলি ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। কিন্তু বোর্ডের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান এক অভিভাবক। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। তিন বিচারপতির বেঞ্চ জানায়, একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে দেওয়া হচ্ছে। তাঁরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কয়েকদিনের মধ্যেই তা নেওয়া হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে অবশেষে বাতিল হল পরীক্ষা।
প্রসঙ্গত উল্লেখ্য, জুন মাসের শেষে লকডাউন উঠে গেলে পর ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে বাকি পেপারের পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়েছিল সিবিএসই বোর্ড। তা নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়। প্রশ্ন ওঠে, আদৌ লকডাউন উঠবে জুনের শেষে? এই নিয়েই মামলা চলছিল। আজ রায় বেরোল তার।
এ দিন সিবিএসই বোর্ডকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, পরীক্ষা না করে ছাত্রছাত্রীদের মূল্যায়ন নির্ধারণে বিকল্প কোনও পথ আছে কিনা। এ বিষয়ে সিবিএসই জানায়, দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিতেই হবে, এখন না হলেও পরে। যদিও উত্তর-পূর্ব দিল্লির দশম শ্রেণির পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।