
শেষ আপডেট: 21 July 2022 07:11
দ্য ওয়াল ব্যুরো: পুজো এসে গেছে। স্বাভাবিকভাবেই ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। খড়ের কাঠামোয় মাটির প্রলেপ দিয়ে রঙ চড়িয়ে শিগগিরই গড়ে তুলতে হবে মা দুর্গাকে। সময় যে আর বেশি নেই হাতে! কিন্তু পুজোর আগের সেই ব্যস্ততার মাঝেই মঙ্গলবার হঠাৎ হইহই রইরই কাণ্ড ময়নাগুড়ির (Mainaguri) কুমোর পাড়ায়।
ময়নাগুড়ির দেবীনগর পাড়ার প্রথিতযশা মৃৎশিল্পী সুধীর পাল। ভরা শ্রাবণে নাওয়া খাওয়ার সময় নেই তাঁর। মঙ্গলবার বিকেলে দুর্গা প্রতিমা ও অসুরের গায়ে মাটি চাপাতে নিজের স্টুডিওতে ঢুকেছিলেন তিনি। আচমকাই দেখতে পান অসুরের গলা পেঁচিয়ে আছে একটি অজগর সাপ (Snake)। দৃশ্য দেখে আঁতকে ওঠেন তিনি। চিৎকার করে ছিটকে বেরিয়ে যান স্টুডিও থেকে। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন তাঁর প্রতিবেশীরাও। সাপটিকে ওভাবে অসুরের কাঠামোর গলা পেঁচিয়ে থাকতে দেখে হতবাক হয়ে যান তাঁরা।
ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় খবর পেয়ে ছুটে আসেন। অজগর সাপটিকে উদ্ধার করে তিনি বন দফতরের হাতে তুলে দেন। সাপটিকে একটি প্লাস্টিকের বোতলে পুরে ফেলেন নন্দু রায়। তারপর সেটিকে পাঠিয়ে দেওয়া হয় যথাস্থানে।
আরও পড়ুন: চেন্নাইয়ের নেপিয়র সেতু বদলে গেল দাবা বোর্ডে! আনন্দের শহরে বসছে দাবা অলিম্পিয়াড