ফুটবল কুড়োতে গিয়ে মাঠে নরকঙ্কাল দেখল শিশুরা, আতঙ্ক শ্যামনগরে
দ্য ওয়াল ব্যুরো: বল কুড়োতে গিয়ে নরকঙ্কাল (Skeleton) খুঁজে পেল বাচ্চারা। জন্মাষ্টমীর সকালে আতঙ্ক ছড়াল ব্যারাকপুর মহকুমার ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগর এলাকায়।
জন্মাষ্টমীর সকালে পাড়ার কচিকাঁচারা হইহই করে ফুটবল
শেষ আপডেট: 30 August 2021 09:01
দ্য ওয়াল ব্যুরো: বল কুড়োতে গিয়ে নরকঙ্কাল (Skeleton) খুঁজে পেল বাচ্চারা। জন্মাষ্টমীর সকালে আতঙ্ক ছড়াল ব্যারাকপুর মহকুমার ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগর এলাকায়।
জন্মাষ্টমীর সকালে পাড়ার কচিকাঁচারা হইহই করে ফুটবল খেলছিল। মাঠের পাশে বল কুড়োতে গিয়ে হঠাৎই তাদের নজরে আসে ভয়াবহ দৃশ্য। ঝোপের মধ্যে পড়ে রয়েছে নরকঙ্কাল! আতঙ্কে খেলা ছেড়ে পালিয়ে আসে তারা। খবর দেয় অভিভাবকদের। সকাল সকাল সেই ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়।
কবরখোলার মাঠে ঝোপের মধ্যে নরকঙ্কালটি পড়ে ছিল। স্থানীয়রা বলছেন, আজ অবধি এখানে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিদিনের মত সোমবার সকালেও শিশুরা ওই মাঠে খেলা করছিল। সেই সময় আচমকাই নজরে আসে কঙ্কালটি। শিশুদের মুখে খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরা। তাঁরাই পরিস্থিতি দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কঙ্কালটি একজন মহিলার। তবে কীভাবে কঙ্কালটি এখানে এল তা নিয়েই ধন্দে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানতে স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছেন প্রশাসনিক কর্তারা। এলাকায় কোনও খুনের ঘটনা ঘটেছে কিনা বা কোনও অসামাজিক কাজকর্ম চলছে কিনা সে নিয়ে সন্দেহ দানা বাঁধছে।
এলাকার নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরাও সেখানে হাজির হয়েছেন। সকলেই ভাবছেন, তাঁদের কেউ নন তো? আবার কেউ করোনা রোগীর দেহ মাঠে ফেলে দিয়ে গেছিল সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ডিএনএ পরীক্ষার পরেই এ ব্যাপারে বিস্তারিত তথ্য মিলবে বলে জানিয়েছে পুলিশ। এলাকা ফরেন্সিক বিশেষজ্ঞের দল পৌঁছে নমুনা সংগ্রহ করছে।
কবরখোলার মাঠে এতদিন শিশুদের আনাগোনা নিয়ে এলাকাবাসীর চিন্তা ছিল না। কিন্তু এদিন সকালের পর অভিভাবকরা সেই মাঠ আর শিশুদের জন্য নিরাপদ মনে করছেন না। নরকঙ্কালের রহস্য সমাধানের পর আবার ভেবে দেখবেন তাঁরা।