
শেষ আপডেট: 10 April 2023 08:10
দ্য ওয়াল ব্যুরো: বয়স মোটে ১৩। এই বয়সেই ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে (world records) নাম তুলল শ্যামনগরের দুই খুদে। গীতাংশা দুগার, এবং রুদ্র সরকার। শ্যামনগরের এক স্কেটিং (skated) ও ক্যারাটে প্রশিক্ষক দীপঙ্কর দের সঙ্গে তাঁর দুই ছাত্র ছাত্রী পাড়ি দিল ভুটান (Bhutan)। এর আগে দীপঙ্কর বাবু নিজে স্কেটিং করে পাড়ি দিয়েছিলেন নেপালে।
সাহস ও অধ্যাবসায়কে সঙ্গে করেই এই দুই কিশোর কিশোরী মাত্র ১২ দিনে ৮২৬ কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়েছে। যদিও এই সময় ভুটানের টুরিস্ট কম থাকায় খানিক সুবিধা হয়েছে। তবে রাস্তা খারাপ থাকার কারণে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন দীপঙ্কর বাবুরা। তবে সব বাধা পেরিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছিয়ে ভীষণ খুশি দুই খুদে।
গীতাংশা জানায়, সকাল থেকে তাদের প্রশিক্ষণ চলত। এমনকী স্কুল ছুটি থাকলে টানা ১২ ঘন্টা প্র্যাক্টিস করতে হত। টানা ১১ মাস প্রশিক্ষণ নিয়ে তারপর এই যাত্রা। পাহাড়ি রাস্তায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তবে হাল ছাড়েনি তাঁরা।
এই দুই খুদের শিক্ষক দীপঙ্কর বলেন, '১১ মাস ধরে প্র্যাক্টিস চলছে। খারাপ রাস্তা, পিচের রাস্তায় দিনরাত চলত প্রশিক্ষণ। তবে এত ছোট দুই ছাত্র-ছাত্রীকে নিয়ে এত দূরের পথ পাড়ি দেওয়া চ্যালেঞ্জিং ছিল। তবে ওদের মধ্যে যে সাহস ও ইচ্ছা দেখেছি তাতে আমি মনে করি আগামী দিনে ওরা আরও বড় কিছু অর্জন করবে'।
প্রসঙ্গত, টুরিস্ট কম থাকায় কোনও অসুবিধা পড়তে হয়নি তাঁদের। তবে বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ থাকায় সমস্যায় পড়তে হয়। তবে সেসব পরোয়া না করে ভুটানে পৌঁছায় তারা। দীপঙ্কর বাবু আশাবাদী, বাংলা থেকে স্কেটিং করে ভুটান যাওয়ার এই রেকর্ড আর কেউ ভাঙতে পারবেন না।
বনগাঁয় স্কুটি থেকে নামিয়ে তরুণীর গায়ে কেরোসিন, গ্রেফতার ৩ অভিযুক্ত