
শেষ আপডেট: 5 September 2023 15:13
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েতের স্থায়ী সমিতির নির্বাচন (Panchayat Standing Committee) ঘিরে মঙ্গলবার দুপুর থেকে কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছিল পূর্ব মেদিনীপুরের খেজুরি-২ নম্বর ব্লক (Khejuri BDO Office)। ভোটে অংশ নিতে সেখানে গিয়েছিলেন কাঁথির ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারী (SIisir Adhikari)।
শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা। তাঁদের অভিযোগ, এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি করতেই এমন হামলা। শিশিরবাবুর পুত্র তথা তমলুকের 'তৃণমূল' সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, “শিশিরবাবু খেজুরি থেকে ফিরছিলেন। তখনই ওঁর গাড়িতে ইট দিয়ে মারা হয়। মাথায় আঘাত লেগেছে।”
কারা এই হামলা চালিয়েছে, তা স্পষ্ট করে বলতে চাননি দিব্যেন্দু। তবে তাঁর আশঙ্কা, “যেভাবে আমাদের পরিবারকে টার্গেট করে একের পর এক হামলা করা হচ্ছে, তাতে যেকোনও দিন পরিবারের যেকোনও সদস্য খুন হয়ে যেতে পারেন।”
ঘটনার সূত্রপাত, এদিন খেজুরি-২ নম্বর ব্লকে স্থায়ী সমিতি নির্বাচন (Panchayat Standing Committee) ছিল। নির্বাচনকে ঘিরে এদিন বিডিও অফিস চত্বরে (Khejuri BDO Office) বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল শুরু হয়। বচসা থেকে রীতিমতো মারধরে জড়িয়ে পড়ে দু’পক্ষ। বোমাবাজিরও অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিডিও অফিসের ছাদে মুর্হুমুহু বোমা পড়তে থাকে। যার জেরে অসুস্থ হয়ে পড়েন বিডিও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। গোলমালের জেরে আপাতত নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে প্রশাসন।
সাংসদ হিসেবে পদাধিকার বলে পঞ্চায়েতের স্থায়ী সমিতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে শিশিরবাবুর। এদিন দুপুরে শিশিরবাবু সেখানে পৌঁছতেই তৃণমূলের একাংশ কর্মী তাঁর নামে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অফিসিয়ালি শিশিরবাবু তৃণমূলের সাংসদ হলেও দীর্ঘদিন ধরেই তিনি দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন। সেক্ষেত্রে তাঁর ভোট বিজেপির দিকে পড়বে বলেই অভিযোগ তৃণমূলের কর্মী, সমর্থকদের। এরপর থেকেই শুরু হয় গোলমাল।
গোলমালের জেরে নির্বাচন স্থগিত করে দেয় প্রশাসন। সূত্রের খবর, বিকেলের পর খেজুরি ব্লক থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন শিশিরবাবু। তেঁতুলতলা বাজারের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন তৃণমূলের একাংশ কর্মী। ভিড়ের মধ্যে থেকে কে বা কারা ইট ছুড়তে থাকে বলে অভিযোগ। ওই ইটের ঘায়ে শিশিরবাবুর গাড়ির কাঁচের একাংশ ভেঙে যায়। আক্রান্ত হন সাংসদও।
আরও পড়ুন: কলকাতায় বিজেপির কমিটিতে কোণঠাসা বাঙালিরা, শাহকে চিঠি দিয়ে লোকসভার আগে বসে যাওয়ার হুমকি