
শেষ আপডেট: 4 August 2022 13:09
দ্য ওয়াল ব্যুরো,পশ্চিম মেদিনীপুর: ১ জুলাই থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (Single Use Plastic) ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্র সরকার। তারপরেও পুরোপুরি ভাবে সেইসব প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়নি। তাই দায়িত্ব নিয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পথে নেমেছে প্রশাসন। এই ধরনের প্লাস্টিকের ব্যবহারে সোজা জরিমানা (Fine) নেওয়া হচ্ছে। এদিন এক সব্জি বিক্রেতাকে (vendor) সেই জরিমানা দিতে টাকা ধার দিলেন পুলিশ (police)। এই ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর (West Midnapur)।
পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভা ও ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির উদ্যোগে নিষিদ্ধ প্লাস্টিক বন্ধের জন্য ক্ষীরপাই পৌর এলাকায় অভিযান চালানো হয়। তখন বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের জন্য ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়। কিন্তু জরিমানা দেওয়ার মত টাকা ছিল না ওই ক্ষুদ্র সব্জি বিক্রেতা অরুণ মাইতির কাছে।
ক্ষীরপাই ফাঁড়ির অফিসার ইনচার্জ গোবর্ধন সাউ নিজের পকেট থেকে ৫০০ টাকা বার করে ধার দিলেন ওই সব্জি বিক্রেতাকে। পুলিশের কাছ থেকে টাকা নিয়ে পৌরসভার জরিমানা দিলেন সব্জি বিক্রেতা।
তারপর পুলিশ অফিসার তাঁকে বোঝালেন এই প্লাস্টিক ব্যবহারের সমস্যা সম্পর্কেও। পুলিশের এহেন ব্যবহার দেখে প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী।