
শেষ আপডেট: 22 August 2023 09:06
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ধর্ষণে বাধা দেওয়াতেই কি খুন মাটিগাড়ার নাবালিকা (Minor Murder)! প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে আসছে বলে জানাল শিলিগুড়ির (Siliguri) পুলিশ। ধৃত তরুণকে মঙ্গলবার আদালতে তোলা হয়। সোমবার রাতে গ্রেফতারের পর প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে তাতে তদন্তকারীদের অনুমান, ধর্ষণে বাধা দেওয়াতেই খুন করা হয়েছে ওই নাবালিকাকে।
এক তরুণের সঙ্গে তাকে শেষবার দেখা গিয়েছিল বলে পুলিশকে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে ওই তরুণকে শনাক্ত করে পুলিশ। থানায় ডেকে তার সঙ্গে কথা বলার পর রাতে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেল চারটে নাগাদ স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই নাবালিকার চিৎকার শুনতে পান। তাঁরা জানান, অল্প জঙ্গল মতো থাকায় এলাকার মানুষ খুব একটা সেখানে যেতেন না। তবুও আর্ত চিৎকার শুনতে পেয়েই তাঁরা সেখানে যান। গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক কিশোরী। মেয়েটির পরনে স্কুলের পোশাক। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্কুলের ড্রেস দেখে স্কুলে যোগাযোগ করে পুলিশ। খবর যায় ওই নাবালিকার বাড়িতেও।
পুলিশের দাবি, রাতে গ্রেফতারের সময় ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল। রাতভর দফায় দফায় তাকে জেরা করা হয়। পুলিশের অনুমান, ধর্ষণে বাধা দেওয়াতেই খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে নিশ্চিত হতে চায় পুলিশ।
আরও পড়ুন: লালন শেখের বাড়ির বাগানে জার ভর্তি বোমা! ফের উত্তেজনা বগটুইয়ে