
শেষ আপডেট: 25 July 2023 13:59
দ্য ওয়াল ব্যুরো: মালদহে দুই নির্যাতিতাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগের রেশ এখনও টাটকা। এরই মাঝে সালিশি সভায় পঞ্চায়েত সদস্যের সামনে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে শোরগোল শিলিগুড়িতে (Siliguri)। ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাগডোগরা থানার পুলিশ দু’জন মহিলা সহ চারজনকে গ্রেফতার করেছে। যদিও পুলিশে অভিযোগ জানানোয় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্যাতিতা।
জানা গিয়েছে, গত ১৯ জুলাই এলাকারই একটি গোলমাল থামাতে গিয়ে তাতে জড়িয়ে যান ওই নির্যাতিতা। নির্যাতিতার স্বামী বিশেষ ভাবে সক্ষম এক জন ব্যক্তি। ওই মারধরের ঘটনার জেরে দু’পক্ষকে নিয়ে ফের বসে সালিশি সভা। অভিযোগ, সালিশি সভাতে উপস্থিত হতেই ওই মহিলার ওপর ঝাঁপিয়ে পরে অন্য পক্ষ। পরনের পোশাক ছিঁড়ে বিবস্ত্র করে মারধর করা হয়। ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েত সদস্য বুলবুলি সিংহ উপস্থিত থাকলেও তিনি কোনও পদক্ষেপ নেননি বলে নির্যাতিতার অভিযোগ। রবিবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
তাঁর অভিযোগ, “সেদিন সালিশি সভায় আমার দেহের পোশাক খুলে মারধর করা হয়েছিল। পুলিশে অভিযোগ জানানোয় প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।” শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডিসি শুভেন্দ্র কুমার বলেন, ‘‘ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগের সপক্ষে কোনও তথ্য মেলেনি।’
সালিশি সভায় নিজের উপস্থিতির কথা স্বীকার করে নিয়ে পঞ্চায়েত সদস্য বুলবুলি সিংহ বলেন, ‘‘আমিও গোলমাল থামাতেই গিয়েছিলাম। সেখানে দু’পক্ষ মারধরে জড়িয়ে পড়ে। মারধরের ঘটনা হয়ে থাকলেও বিবস্ত্র করার অভিযোগ ঠিক নয়।’’
সম্প্রতি মালদহের বামনগোলা থানার পাকুয়াহাটে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগে শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। অভিযুক্তদের পরিবর্তে নির্যাতিতা দুই মহিলাকে গ্রেফতারের অভিযোগে সমালোচনার মুখে পড়ে পুলিশের ভূমিকা। অবশেষে আদালতের নির্দেশে সোমবার জামিনে মুক্তি পান দুই নির্যাতিতা।
আরও পড়ুন: কলেজছাত্রীকে ধর্ষণ করে খুনে দুজনের ফাঁসির সাজা মেদিনীপুর আদালতে, এক মহিলার যাবজ্জীবন