
শেষ আপডেট: 10 May 2018 12:59
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির বাইশ গজে হদিশই ছিলো না তাঁর। হঠাৎ পঞ্চায়েতের স্লগ ওভারে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করে দিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। দু’দিন আগেই গ্রেফতার হয়েছেন মামা। বীজপুর থানার পুলিশ গিয়ে দিল্লি থেকে ধরে এনেছে মুকুল রায়ের শ্যালককে। আর তার পরেই মুকুল পুত্রের এই আগমনকে অন্য চোখেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ।
গতকাল কাঁচরাপাড়ার বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বাবার বিরুদ্ধে বাছা বাছা শব্দ প্রয়োগ করে তোপ দেগেছিলেন। বলেছিলেন, ‘কাগজের ফাইল দেখিয়ে মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষরা প্রধানমন্ত্রীর মন জয় করতে পারেন কিন্তু বাংলার মানুষের মন নয়। এর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবার বড় রানের ইনিংস খেললেন ‘হাপুন দ্য গ্রেট।’ এ দিন তিনি পুরুলিয়ার বাঘমুন্ডিতে সভা করেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিষেককে মঞ্চে বসিয়েই শুভ্রাংশু মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্যের সঙ্গে তুলনা করেন। এ দিনের সভায় মুকুলপুত্র বলেন, ‘আজকে বাংলার বুকে সূর্য হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আলোয় আলোকিত আমরা সবাই। সেখান থেকে যদি কেউ বেড়িয়ে যায় সেই আলো থাকেনা। আমি আমার বাবার ক্ষেত্রেও একই কথা বলতে চাই। আপনিও আজ সূর্যের আলো থেকে বেড়িয়ে গিয়েছেন। আপনার সন্তান হয়েও আমি আপনার পাশে নেই। আমি সূর্যের আলোতেই রয়েছি।
তৃণমূলের অনেকেই বলছেন এ হলো অভিষেকের কাঁটা দিয়ে কাঁটা তোলা। সিপিএম-এর এক নেতা বলেন অভিষেক এখন নাকে দড়ি দিয়ে হাপুনকে ঘোরাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, বিষয়টিকে কাঁচড়াপাড়ার রায় পরিবারের লড়াইতে পরিণত করতে পারলে আখেরে লাভ তৃণমূলেরই।