দ্য ওয়াল ব্যুরো: ঘটনার ঘনঘটা। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দান করে দিলেন শোভন চট্টোপাধ্যায়। বুধবার সংবাদমাধ্যমের কাছে একথা প্রকাশ করেছেন তিনি।
শোভন বাবু জানিয়েছেন, নানা সময় নানা ভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিজের বিপদে আপদে সময়ে সবসময় পাশে পেয়েছেন তিনি। তাই সম্পত্তির উইল বানিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি তিনি দান করেছেন বান্ধবীকেই।
এদিকে গতকাল মধ্যরাতেই বদলে গেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলের নাম। 'বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়' নাম দেখেই আন্দাজ করা গিয়েছিল, জীবনের নতুন কোনও ইনিংস শুরু করতে চলেছেন এই বহু চর্চিত জুটি। আমি থেকে 'আমরা' হচ্ছেন তাঁরা।
কিন্তু ফেসবুক কাণ্ডের পরেই দেখা যায় রত্না চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে আইনি নোটিস পাঠানো হয়েছে শোভনের কাছে। গোলপার্কের যে ফ্ল্যাটে শোভন বৈশাখী থাকেন, তা অবিলম্বে খালি করে দিতে বলা হয়েছে।
তারপর সংবাদমাধ্যমে শোভন জানান নিজের সব সম্পত্তি বান্ধবীকেই দান করেছেন তিনি।
শোভন আরও জানিয়েছেন, রত্নার পরিবারের পাঠানো আইনি নোটিসের বৈধতা নেই। কারণ তিনি বেআইনি বসবাস করছেন না। নিজের বক্তব্যের সমস্ত তথ্য প্রমাণ আইনি মাধ্যমেই সামনে আনবেন বলেও জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র।
রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন শোভন। তিনি বলেছেন রত্না এখন যেখানে থাকছেন সেই বাড়িটা তাঁর। তবু বেহালার বাড়ি থেকে রত্নাকে উচ্ছেদের কোনও নোটিস তিনি বা তাঁর পরিবার পাঠায়নি।