দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কুলটিতে এক অটো চালককে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ অটো চালকের নাম সুনীল কুমার গৌরব। সুনীলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর পেটে ও কাঁদে গুলি লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র থেকে খবর, বুধবার সন্ধ্যেবেলায় আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকার নুনিয়া বস্তিতে ঘটনাটি ঘটেছে। ৪০ বছরের এক অটো চালকের ওপর গুলি চালানো হয়েছে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় মানুষই তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী কৃষ্ণ নুনিয়ার দাবি, এদিন এলাকার পানের দোকানে দাঁড়িয়ে ছিলেন সুনীল। হঠাৎই তিন যুবক এসে সুনীলের ওপর বন্দুক সমেত চড়াও হয়। সুনীলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়ে বাইকে চড়ে পালিয়ে যায়। সেই গুলির একটি সুনীলের পেটে ও বাঁ কাঁদে লাগে। অন্যদিন গা ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য প্রাণ বেঁচে গিয়েছেন ওই অটো চালকের।
স্থানীয়রা জানিয়েছে, সুখেন পাশওয়ান নামে এলাকারই এক দুষ্কৃতী তার দুই সঙ্গীকে নিয়ে আজ এই হামলা চালিয়েছে। পুলিশের খাতায় তাদের নাম রয়েছে। তারা এলাকায় গুন্ডামি করে বেড়ায়। কিন্তু সুনীলের সঙ্গে তার কোনও শত্রুতা আগে থেকে রয়েছে কিনা, সেকথা তাঁদের জানা নেই।
সুনীলের স্ত্রী মঞ্জু দেবী জানিয়েছেন, কাজ থেকে ফিরে প্রতিদিনের মতো পানের দোকানের গিয়ে ছিলেন তাঁর স্বামী। সেখানেই কেউ তাঁকে গুলি করে চম্পট দেয়। তাঁর স্বামী সঙ্গে দুষ্কৃতীদের কোনও যোগ ছিলনা। তবে কেন এমন ঘটল? তা বুঝতে পারছেন না তিনি। পরিবার সূত্রে খবর, সুনীলের বাড়িতে স্ত্রী ছাড়াও নাবালক এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
এদিকে হাসপাতাল সূত্রে খবর, সুনীলের পেট ফুঁড়ে গুলি ঢুকে গিয়েছে। এছাড়াও বাঁ হাতের আঙুলেও গুলির চোট রয়েছে। তাই গুলি বের করতে তাঁর অপারেশন করতে হবে।
এদিকে আসানসোলের ডিসি ওয়েস্ট অভিষেক মোদি জানিয়েছেন, ওই এলাকায় এর আগেও এমন শ্যুটআউটের ঘটনা ঘটেছে। এলাকাটিতে দুষ্কৃতীদের আড্ডা রয়েছে। তবে কি কারণ ওই ব্যক্তির ওপর গুলি চালানোর হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে এখনও কোনও রাজনৈতিক যোগ পাওয়া যায়নি।