দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধেয় আচমকা গুলি চলায় থমথমে হয়ে উঠেছে গোয়ালপোখর এলাকার পরিস্থিতি। এক যুবক আহত হয়েছেন, হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছিনতাইবাজদের কাজ এটি।
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকায় সাইকেল খেলা দেখে, মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন পারভেজ আলম। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু। অভিযোগ, আচমকা তাঁদের মোটরবাইক আটকে মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুই ছিনতাইবাজ। দুষ্কৃতীদের হাত থেকে মোবাইল উদ্ধার করার চেষ্টায় মরিয়া হয়ে লড়াই করার চেষ্টা করে পারভেজ ও তাঁর বন্ধুরা।
এই সময়েই গুলি চালিয়ে বসে এক ছিনতাইবাজ। আহত হন পারভেজ। পালিয়ে যায় দুষ্কৃতীরা। পারভেজের বাড়ি গোয়ালপোখরের বরোগছ এলাকায়। গুলিবিদ্ধ যুবকের আত্মীয়রা জানিয়েছেন, সাইকেল খেলা দেখে বাড়ি ফেরার পথে এমনটা ঘটেছে। কারা কেন এই আখ্রমণ করল, তার কোনও আন্দাজ নেই।
গুলি চলার পরে স্থানীয় মানুষজন গুলির শব্দ পেয়ে ছুটে আসেন। তাঁরাই গুলিবিদ্ধ পারভেজকে ইসলামপুর হাসপাতালে পাঠান৷ ছিনতাইবাজদের বাড়বাড়ন্ত নিয়ে অভিযোগে সরব হন এলাকার সকল মানুষ। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
পরে আহত পারভেজের শারীরিক অবস্থার অভনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।