
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 November 2024 13:39
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর রাতে রাজ্যবাসী যখন আলোর উৎসবে মেতেছে তখনই আলিপুরদুয়ারে শুটআউট। বক্সার জঙ্গলে ডিমা ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।
চার যুবক-যুবতী ঠাকুর দেখে রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় ডিমা ব্রিজের কাছে তাঁদের পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। ৪ জনেরই মোবাইল, টাকা আর ১টি বাইক হাতিয়ে চম্পট দেয় তারা।
এক যুবক ঘটনাস্থলেই প্রতিবাদ জানান। তখনই তাঁর পা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অনীশ দেব নামে ওই যুবকের চিৎকার শুনে দৌড়ে আসেন স্থানীয়রা। তাঁরাই তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। এই মুহূর্তে তিনি সেখানেই চিকিৎসাধীন।
ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে কালচিনি থানার পুলিশ। আহত যুবকের পা থেকে গুলি বের করার জন্য আজই দুপুরে অনীশের অস্ত্রোপচার করা হবে।
এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। উদ্বিগ্ন আলিপুরদুয়ারের বাসিন্দারা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা অবিলম্বে খুঁজে বার করুক পুলিশ, দাবি করেছেন তাঁরা।