
শেষ আপডেট: 24 May 2023 14:20
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভর সন্ধেবেলা মুড়িমুড়কির মতো গুলি চলল ব্যারাকপুরে। স্টেশন লাগোয়া আনন্দপুরী সেন্ট্রাল রোডে একটি সোনার দোকানে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। জানা গিয়েছে, ঢুকেই তারা টাকা-পয়সা বের করে দিতে বলে। বাধা দিতে গেলে গুলি চালাতে শুরু করে তারা। সন্ধে সাতটার খবর, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এই দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহের। দোকান মালিক ও একজন কর্মচারীও গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন (Shoot out at Barrackpur)।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। তিনজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দু'জনের চিকিৎসা চলছে।
ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানিয়েছেন, অন্তত চার-পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। তবে কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতী দৌরাত্ম্য নতুন ঘটনা নয়। গত কয়েক বছরে একাধিক খুনোখুনির ঘটনা ঘটেছে। ২০২০ সালের এমনই জনবহুল জায়গায় খুন হয়েছিলেন বিজেপি নেতা মণীশ শুক্ল।
পুলিশ ইতিমধ্যেই নাকাচেকিং শুরু করেছে। এখন দেখার এই ঘটনায় দুষ্কৃতীদের কখন পাকড়াও করতে পারে।