
শেষ আপডেট: 31 March 2023 15:50
দ্য ওয়াল ব্যুরো: অন্নদাশঙ্কর রায়ের কবিতা ছিল—'তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো...।'
ইদানীং তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষের (Shatarup Ghosh) নতুন গাড়ি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে (car controversy)। শতরূপ মারুতি সুজুকির ব্রিজা গাড়ি কিনেছেন। হাইব্রিড মডেল। যার দাম কমবেশি ২২ লক্ষ টাকা।
বাংলায় সিপিএমের (CPM) নেতাদের সম্পর্কে একটা ধারনা রয়েছে। শতরূপ ২২ লক্ষ টাকা দামের গাড়ি কেনায় সেই ধারণায় ধাক্কা লেগেছে বলে অনেকের মত। তাঁদের বক্তব্য, সর্বহারাদের অধিকারের কথা যাঁরা বলেন, তাঁরা কেন এমন দামি গাড়ি চড়বেন।
বস্তুত সর্বহারা, মা-মাটি-মানুষ, দলিত-পিছিয়ে পড়া ইত্যাদি যাই বলা হোক না কেন, মানে একই। সব রাজনৈতিক দলগুলিই তাঁদের জন্য কাজ করার অঙ্গীকার করে। সুতরাং কৃচ্ছ্বসাধনের প্রসঙ্গ উঠলে কথা অনেক দূর পর্যন্ত যেতে পারে। বরং দেখে নেওয়া যাক, রাজনীতিকরা কে কোন গাড়ি চড়েন। কার শখ কেমন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চড়েন মার্সিডিজ মে ব্যাক এস-৬৫০ গাড়ি। যার আনুমানিক মূল্য সাড়ে ১২ কোটি টাকা। এ ছাড়া প্রধানমন্ত্রী রেঞ্জ রোভার ভোগ এবং টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িও চড়েছেন। তবে এগুলি কোনওটাই নরেন্দ্র মোদীর ব্যক্তিগত গাড়ি নয়। প্রধানমন্ত্রীর দফতরের গাড়ি। তবে হ্যাঁ, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন বিএমডব্লিউ সেভেন সিরিজের যে গাড়ি চড়তেন নরেন্দ্র মোদী জমানায় তা বদলে গেছে মে ব্যাকে।

সনিয়া গান্ধী গত প্রায় পনেরো বছর ধরে একই ধরনের গাড়ি চড়ছেন। তিনি রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা বঢড়া গান্ধীকে আকছার রেঞ্জ রোভার গাড়িতেই দেখা যায়।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজেই গাড়ি চালাতে পছন্দ করেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে কয়েকবার সেল্ফ ড্রাইভ করতে দেখা যায়। উদ্ধব চড়েন মার্সিডিজ বেঞ্জ এস ক্লাসের গাড়ি।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বরাবরই গাড়ির শখ ছিল। করুণানিধি বেঁচে থাকাকালীন তাঁদের পরিবারে বিলাসবহুল গাড়ির কমতি ছিল না। স্ট্যালিন এখন চড়েন ল্যান্ড রোভার ডিফেন্ডার।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা রাও চড়েন একটি লেক্সাস গাড়ি। এ ছাড়া কবিতার টয়োটা ফরচুনারও রয়েছে।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামী চড়েন একটি ল্যাম্বরগিনি গ্যালারডো। এই গাড়ির দাম কমবেশি ৩ কোটি টাকা।

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বহুদিন ধরে একই গাড়িতে চড়ছেন। তিনি চড়েন একটি দুধ সাদা ল্যান্ড ক্রুজার।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের গাড়ির শখ বহু পরিচিত। মার্সিডিজ এমএল-৫০০ থেকে শুরু করে টয়োটা ল্যান্ড ক্রুজার অনেক রকমের গাড়ি ছিল তাঁর। সেই সঙ্গে একটি ভলভো এক্স সি-৯০ গাড়িও রয়েছে অখিলেশের।

'সর্বহারা' শতরূপের বিলাস গাড়ির নথি দিলেন কুণাল, পাল্টা কী বললেন সিপিএম নেতা?