
শেষ আপডেট: 11 July 2023 12:00
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি এই বুথেই ভোট দিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছিলেন। হুগলির জেলা পরিষদের সদস্যও ছিলেন তিনি। কিন্তু ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat ELection 2023) তিনি এখন জেলায় নেই। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর থেকেই জেলবন্দি তিনি। ইডি-র হাতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banejee) বুথেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতল তৃণমূল (TMC)!
গত ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনুকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার হওয়ার পরই তৃণমূল কংগ্রেস তাঁকে দল থেকে বহিষ্কার করে। বার কয়েক জামিনের আবেদন জানিয়েও লাভ হয়নি। চার মাস ধরে জেলই তাঁর ঠিকানা।
একসময় হুগলির বলাগড়ে তিনিই ছিলেন শেষ কথা। তৃণমূল জেলা সংগঠনের এক উল্লেখযোগ্য মুখ ছিলেন শান্তনু। কিন্তু গ্রেফতার হওয়ার পর থেকেই দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করে। পঞ্চায়েত নির্বাচনের আগে অনেকেই ভেবেছিলেন, নিয়োগ দুর্নীতিতে শান্তনুর নাম জড়ানো ও গ্রেফতারিতে বলাগড়ে ধাক্কা খেতে পারে তৃণমূল।
কিন্তু মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল অন্য চিত্র। শান্তনুর বুথ ১২৪ নম্বরে জিতে গেছে তৃণমূল। তবে এই জয় খুব একটা সহজ ছিল না। সিপিএম ও বিজেপির সঙ্গে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে শাসক দলকে। সেই লড়াইয়ে সিপিএম প্রার্থীকে ১০৭ ভোটের ব্যবধানে হারিয়ে দেয় তৃণমূল। এই বুথে তৃণমূল পেয়েছে ৪৩৬ ভোট। সিপিএম ও বিজেপি প্রার্থীরা যথাক্রমে পেয়েছেন ৩২৯ ও ৩২৫ ভোট।
১ ভোটে হার! আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতিকে হারিয়ে দিল তৃণমূল