দ্য ওয়াল ব্যুরো: পেগাসাস ইস্যুতে তৃণমূল-কংগ্রেসের সখ্যকে তীব্র কটাক্ষ করল বঙ্গ বিজেপি। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কংগ্রেসের তরফে একটি টুইট করা হয়। সেই টুইট নিয়েই সমালোচনা করেছে বিজেপি।
আজ, সোমবার বিজেপি বিরোধী জোটের ভবিষ্যতকে নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘এটা কসাইয়ের ছাগল পোষা।’
বিজেপিতে থাকার সময় মুকুল রায়ও অনেকবার রাজ্য সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছিলেন। এমনকী, রাহুল সিনহাও ফোনে আড়িপাতা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন থানায়।
এ দিন রাজ্যের শাসকদলকেও সেই ঘটনাগুলির কথাও মনে করিয়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে, ফোনে আড়িপাতা নিয়ে সোমবারই দুই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন একটি তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য। যা আদতে বাদল অধিবেশনকে ভুণ্ডুল করে দেওয়ার পরিকল্পনা বলেও দাবি বিজেপির।
শমীক সোমবার বলেছেন, ‘এই কমিটির কোনও গুরুত্বই নেই। রাজ্য সরকারের কিছু অফিসারদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরাতে এবং বাদল অধিবেশন বানচাল করতে এসব করা হচ্ছে।’
অন্যদিকে, জাতীয় রাজনীতির স্বার্থে বিজেপি বাদে যে কোনও দলের পাশে থাকতে প্রস্তুত বলে বামেদের তরফে জানিয়েছেন বিমান বসু। বিষয়টিতে শমীকের পালটা কটাক্ষ, ‘যে সিপিএমের বিরোধিতা করে তৃণমূল ক্ষমতায় এসেছে, আজ দুর্ভাগ্য হোক বা সৌভাগ্য, বিমান বসু সেই তৃণমূলের নেতৃত্ব মেনে নিয়েছেন। তবে বিমানবাবু যদি ২১ জুলাই হাত জোড় করে বলতেন যে মা গো ক্ষমা করো, তাহলে ভাল হতো। মুজাফফর আহমদ, হরেকৃষ্ণ কোণার, জ্যোতি বসুর পার্টি একটা ঔদ্ধত্যের কাছে আত্মসমর্পণ করেছে।’