
শেষ আপডেট: 19 July 2023 15:56
দ্য ওয়াল ব্যুরো: একটি বেসরকারি আবাসিক স্কুল (Residential School) থেকে নিখোঁজ হয়ে গেল ৭ জন ছাত্রী। মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ থানার তেঘরি এলাকার ঘটনা। এক সঙ্গে এতজন ছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রশ্ন উঠে নিরাপত্তা নিয়েও। আতঙ্কে বাকি ছাত্রীদের স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন অভিভাবকেরা। সংশ্লিষ্ট আবাসিক স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে রঘুনাথগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন অভিভাবকদের একাংশ। পুলিশের কাছে মিসিং ডায়েরি করেছে স্কুল কর্তৃপক্ষও। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ছাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রীদের মধ্যে তিনজন নবম, তিনজন দশম ও একজন দ্বাদশ শ্রেণির ছাত্রী। নিখোঁজের খবর শুনে স্কুলে হাজির হয়েছেন অভিভাবকেরা। সফিকুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, “রবিবার মেয়ের সঙ্গে কথা হয়েছিল। অস্বাভাবিক কিচু টের পাইনি। এদিন ভোর পাঁচটার সময় স্কুল থেকে ফোন করে বলে, সাতজন মেয়েকে খুঁজে পাচ্ছে না। তার মধ্যে আমার মেয়েও রয়েছে।”
তিনি আরও বলেন, ‘চার বছর ধরে মেয়ে এখানে রয়েছে। মেয়ে বলতো, এখানে ঠিকমতো পড়াশোনা হয় না। কিন্তু টাকাটা কম লাগে বলে রেখেছিলাম। এখন খবর পাচ্ছি, স্কুলের পর মেয়েরা বাইরে বেরিয়ে ছেলেদের সঙ্গে মেলামেশা করত। এদিক ওদিক ঘুরতে যেত।’ আর এক নিখোঁজ ছাত্রীর মা বললেন, “এইবার বুঝতে পারছি, মেয়ে কেন স্কুল ছেড়ে বাড়ি যেতে চাইতো না।”
স্থানীয়দের একাংশের মতে, নিখোঁজের নেপথ্যে প্রণয়ের ঘটনা থাকতে পারে। তবে একসঙ্গে সাতজন ছাত্রী পালানোর ঘটনাকে ঘিরে অন্য সম্ভবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নিরাপত্তার কারণে আতঙ্কে বাকি ছাত্রীদের স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন অভিভাবকেরা।