
শেষ আপডেট: 4 February 2023 10:49
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অনলাইনে আয়া সেন্টারের সঙ্গে কথা বলে বাড়িতে পরিচারিকা (servant) নিয়োগ করেছিলেন লেকটাউনের (Laketown) এক বাসিন্দা। সেটাই কাল হল! ওই পরিচারিকা কাজ করতে এসে নিয়ে গেল সোনার গয়না (jewelry)। যদিও লেকটাউন থানার পুলিশের চেষ্টায় ভাটপাড়া থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে জাল আধার কার্ড-সহ একাধিক নথি।
পুলিশ সূত্রে খবর, গত ২৯ জানুয়ারি লেকটাউন বি ব্লকের বাসিন্দা সুধা সঞ্চিতি লেকটাউন থানায় গয়না চুরির অভিযোগ দায়ের করেন। তিনি জানান, অনলাইনে মানসী আয়া সেন্টারের সঙ্গে যোগাযোগ করে ২৭ জানুয়ারি থেকে বাড়িতে পরিচারিকা নিয়োগ করেছিলেন তিনি। সেই মহিলা এসে নিজের আধার কার্ড জমা করেছিল বলেও পুলিশকে জানান অভিযোগকারিণী। তবে ২৮ তারিখ সন্ধেয় ওই পরিচারিকা কাজ করে চলে যাওয়ার পরে তিনি দেখেন শিশুর গলায় সোনার চেনের পরিবর্তে অন্য চেন রয়েছে। এছাড়াও ঘরের অন্যান্য সোনার গয়না উধাও। ২৯ তারিখ সাতসকালে লেকটাউন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপরই হাতে আসে একের পর এক তথ্য। জানা যায়, পরিচারিকা তার যে আধার কার্ডটি দিয়েছিলেন, সেটি জাল। এছাড়াও ওই অনলাইন আয়া সেন্টারের কাছেও তার যে তথ্য দেওয়া ছিল, সেগুলোও মিথ্যা। এরপরই তদন্ত শুরু করে শুক্রবার রাতে ভাটপাড়া এলাকায় হানা দেয় লেকটাউন থানার পুলিশ।
সেখানেই পুলিশের জালে ধরা পড়ে ওই পরিচারিকা। সেখানেই তাকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ভুয়ো আধার কার্ড। শনিবার অভিযুক্ত মহিলাকে বিধাননগর আদালতে তোলা হলে সেখানে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।
পঞ্চায়েত ভোটের আগে রক্তাক্ত বাসন্তী, বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ!