
শেষ আপডেট: 5 August 2022 07:45
দ্য ওয়াল ব্যুরো: পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির (Price Hike) প্রভাবে দাম বেড়েছে চালের (Rice)। তারমধ্যেই গোদের উপর বিষফোঁড়া হিসাবে প্যাকেটজাত মুড়ির উপর ৫% জিএসটি (GST) চাপিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। জোড়া ধাক্কায় এক ঝটকায় কেজি প্রতি মুড়ির (Puffed Rice) দাম বেড়েছে ৫-১০ টাকা। গরীব খেটে খাওয়া মানুষের পেট ভরানোর সস্তা খাবার গেরুয়া গুঁতোয় হয়ে উঠেছে মহার্ঘ। আর তাতেই ভাটা পড়েছে মুড়ির বিক্রিতে (Sell)।
ব্যবসায়ীদের দাবি, দাম বাড়ার পর থেকেই একধাক্কায় অনেকটা কমেছে মুড়ির বিক্রি। বাজার থেকে মুড়ি কেনা বন্ধ করে দিয়ে অনেকেই চাল কিনে ঘরে মুড়ি ভেজে নিচ্ছেন। চাল কিনে ঘরে রাখা মেশিনেই মুড়ি ভেজে বিক্রি করেন বনগাঁর ঘটবাওর শুকপুকুরিয়ার মুড়ি ব্যবসায়ী সাধন পাল। তিনি জানিয়েছেন, 'আগে প্রতিদিন ৪ কুইন্টাল চালের মুড়ি ভাজতাম। সব বিক্রি হয়ে যেত। এখন দিনে ২ কুইন্টাল চাল ভাজলেও সব মুড়ি বিক্রি হচ্ছে না। মুড়ির চালও কিনতে হচ্ছে জিএসটি দিয়ে।'
১৫ কেজি মুড়ি ৫৩০ টাকায় আগে বিক্রি করতেন সাধনবাবু। এখন তা বাড়িয়ে ৬২০ টাকায় বিক্রি করতে হচ্ছে তাঁকে। স্বভাবতই ব্যাবসা কমেছে প্রায় ৫০ শতাংশ, দাবি তাঁর।
খুচরো মুড়ির দাম বাড়ার প্রভাব সরাসরি পড়েছে বাঙালির পছন্দের ঝালমুড়ির উপরেও। কলকাতার এক ঝালমুড়ি বিক্রেতা জানিয়েছেন, আগে ১০ তাকে যে পরিমাণ ঝালমুড়ি বিক্রি করতেন, লাভ রাখতে গেলে এখন হয় দাম বাড়াতে হবে, অথবা মুড়ির পরিমাণ কমাতে হবে। দুটোর মধ্যে যেটাই হোক না কেন, প্রভাব পড়বে বিক্রিতে, দাবি তাঁর।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই থেকে প্যাকেটজাত খাবারের উপর ৫% জিএসটি বসিয়েছে মোদী সরকার। এর ;পরেই এক ঢাকিয়া দাম বেড়েছে প্যাকেটজাত মুড়ির। তৃণমূল-সহ অন্য বিরোধী দলগুলি কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে মুড়ি খেয়েই এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও সিদ্ধান্ত প্রত্যাহার করেনি কেন্দ্র। সব মিলিয়েই মুড়ি নিয়ে বর্তমানে বির্তক তুঙ্গে উঠেছে।
মূল্যবৃদ্ধি নিয়ে মোদীর বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেস, দিল্লিতে বিক্ষোভের অমুমতি দেয়নি শাহের পুলিশ