নার্সিংহোমে লক্ষ টাকার বিল বকেয়া, বৃদ্ধকে রেখে বেপাত্তা ‘ব্যাঙ্ক ম্যানেজার’ ছেলে
দ্য ওয়াল ব্যুরো: অশীতিপর বাবাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন, নিজের পরিচয় দিয়েছিলেন ব্যাঙ্ককর্মী হিসাবে। প্রথম কয়েকদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বাবাকে দেখতেও গিয়েছিলেন ওই নার্সিংহোমে। কিন্তু শেষ কয়েকদিন ধরে তিনি বেপাত্তা। যে ঠিকানা দেওয়া হয়
শেষ আপডেট: 8 January 2020 08:06
দ্য ওয়াল ব্যুরো: অশীতিপর বাবাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন, নিজের পরিচয় দিয়েছিলেন ব্যাঙ্ককর্মী হিসাবে। প্রথম কয়েকদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বাবাকে দেখতেও গিয়েছিলেন ওই নার্সিংহোমে। কিন্তু শেষ কয়েকদিন ধরে তিনি বেপাত্তা। যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে গিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ দেখেন যে ফ্ল্যাটটি তালাবন্ধ।
নিশীথ সরকারের বয়স ৮৫ বছর। কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে ৩০ ডিসেম্বর তাঁকে বর্ধমানের জিটি রোডের কাছে ভাঙাকুঠি এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন তাঁর ছেলে বিজয় সরকার। সেখানে ভর্তি করার সময় নিজেকে একটি ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেন বিজয়। বর্ধমানের ভাতছালার একটি ঠিকানা নার্সিংহোমে জমা করেন।
নিশীথ সরকার শ্বাসকষ্টজনিত কারণে ভুগতে শুরু করেছিলেন। নার্সিংহোমে ভর্তি করার পর চিকিৎসকরা জানান ওই বৃদ্ধের একাধিক অঙ্গই কাজ করছে না। প্রথম তিন দিন তাঁকে জেনারেল বেডে ভর্তি রাখা হয়। গত ৩ জানুয়ারি তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। প্রথম তিন দিনই স্ত্রীকে সঙ্গে নিয়ে নার্সিংহোমে বাবাকে দেখতে গিয়েছিলেন বিজয় সরকার।

৪ জানুয়ারি নিশীথ সরকারকে ভেন্টিলেশনে রাখা হয়। তারপর থেকে বিজয় সরকার আর নার্সিংহোমে যাননি। ভাতছালার যে বহুতলে তিনি ভাড়া আছেন বলে নার্সিংহোমে জানানো হয়েছিল সেখানে গিয়ে দেখা যায় ফ্ল্যাটটি তালাবন্ধ। কয়েক দিন ধরেই তিনি সেখানে নেই।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গত বছর দুর্গাপুজোর পরে ওই ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নেন বিজয়। ভাড়া নেওয়ার সময় ফ্ল্যাটের মালিক ও প্রতিবেশীদেরও জানিয়েছিলেন যে তিনি রায়নায় একটি ব্যাঙ্কের ম্যানেজার। তিনি, তাঁর স্ত্রী ও বাবা এসে ওঠেন ওই ফ্ল্যাটে। তাঁর আচরণ ও হাবভাব দেখে কারও কোনও দিনই সন্দেহ হয়নি।
এখন জানা যাচ্ছে যে এক ব্যক্তির কাছ থেকে প্রায়ই তিনি গাড়ি ভাড়া নিতেন কাছাকাছি ঘুরতে যাওয়ার জন্য। সেই গাড়ির ভাড়া বাবদ বিজয় সরকারের থেকে ওই ব্যক্তি পঁয়তাল্লিশ হাজার টাকা পান। স্থানীয় মুদিখানার দোকানে পর্যন্ত বিজয় সরকারে দেনা রয়েছে।
নিশীথ সরকারের শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল বলে জানিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য তাঁর বিলের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ টাকা। স্বভাবতই চিন্তায় পড়ে গেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। পুরো ঘটনার কথা থানায় লিখিত ভাবে জানিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে।