
শেষ আপডেট: 7 March 2023 10:49
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেল গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুরের (Bishnupur) বসন্ত উৎসবে (Holi Utsav)।
বৈষ্ণব ধর্মের জোয়ার এলে প্রাচীন মল্ল রাজধানী একসময় কৃষ্ণ প্রেমে এতটাই মাতোয়ারা হয়ে উঠেছিল যে গুপ্ত বৃন্দাবন (Secret Vrindavan) হিসাবে তা পরিচিতি পেয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর সেই গরিমা হারিয়েছে। কিন্তু আজও ইতিহাসের সাক্ষী হিসাবে যেমন বিষ্ণুপুর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য টেরাকোটা মন্দির, তেমনই জড়িয়ে রয়েছে দোল উৎসবের আবেগও। যে দোল উৎসব আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলিয়ে দিল প্রকৃতির মাঝে পোড়ামাটির হাটে।
বিষ্ণুপুর শহর একসময় ছিল মল্ল রাজাদের রাজধানী। সপ্তদশ শতকের গোড়ার দিকে প্রভূ শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। রাজধর্ম হিসাবে বৈষ্ণব ধর্মে প্রতিষ্ঠার পরই গোটা মল্লভূম জুড়ে বৈষ্ণব ধর্মের জোয়ার বয়ে যায়। রাজ অর্থানুকূল্যে বিষ্ণুপুর জুড়ে একের পর এক মন্দির স্থাপনের পাশাপাশি শুরু হয় মহা সমারোহে দোল ও রাস উৎসব উদযাপন।
সময়ের সঙ্গে সঙ্গে মল্ল রাজারা রাজত্ব হারালে বিষ্ণুপুরের দোল ও রাস উৎসবের গরিমাও ফিকে হতে থাকে। সম্প্রতি সেই প্রাচীন ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরতে উদ্যোগী হয় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী। মূলত সেই গোষ্ঠীগুলির উদ্যোগে গত কয়েকবছরের মতো এবছরও টেরাকোটার শহরে বসন্ত উৎসবে মেতে উঠলেন আপামর বিষ্ণুপুরবাসী। পোড়ামাটির হাটে প্রাচীন মন্দিরকে সাক্ষী রেখে প্রকৃতির মাঝে নাচ গান করে আবির মেখে ফের অতীতকেই স্মরণ করলেন বিষ্ণুপুরবাসী।